ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

১১ কার্তিক ১৪৩৩, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৩০, ২৬-১০-২০২৬ | আপডেট: ৪:১৩, ২৬-১০-২০২৬

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ভিডিও ভাইরাল

ছবি: মেডিকেল পোস্ট

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে এক স্বেচ্ছাসেবক দল নেতা রক্তাক্ত হয়েছেন। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গতকাল (২৫ অক্টোবর) বিকেলে সদর হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

আহত জুয়েল হোসেন নিরব লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি। তাকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা শাহেদের বিরুদ্ধে। আহত জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, মোবাইল ফোন কেনাবেচা নিয়ে শাহেদ ও জুয়েলের মধ্যে বিরোধের জেরে মারামারি হয়। এতে আহত জুয়েল চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। পরে শাহেদ তার অনুসারীদের নিয়ে হাসপাতালের সামনে জুয়েলকে মারধর করেন। একপর্যায়ে মারধর থেকে বাঁচতে জুয়েল জরুরি বিভাগের কক্ষে ঢুকে পড়লে শাহেদও সেখানে প্রবেশ করেন। পরে কক্ষের ভেতরে চেয়ার দিয়ে পেটানোসহ কিল-ঘুষি ও লাথি মেরে তাকে রক্তাক্ত করা হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে জুয়েলকে চেয়ার দিয়ে পেটানো হচ্ছে। এ সময় তাকে কিল-ঘুষি ও লাথি মারতেও দেখা যায়।

অভিযুক্ত শাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ছাত্রদলের সাবেক সভাপতি এবং লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

এ বিষয়ে শাহেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্যসচিব হাসিবুর রহমান অভি জানান, শাহেদ দালাল বাজার কলেজ ছাত্রদলের ক্লাস কমিটির নেতা ছিলেন। বর্তমানে তার কোনো পদ-পদবি নেই। তবে তিনি পৌর ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) অরুপ পাল বলেন, হাসপাতালে হামলার বিষয়টি দুঃখজনক। এ ঘটনার চিত্র সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধারণ হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় তারাও আতঙ্কে রয়েছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমপি/ আরআই

আরও পড়ুন