ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

১২ কার্তিক ১৪৩৩, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

‘হয় অর্থ, নয় রক্ত’—স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:০৫, ২৭-১০-২০২৬

‘হয় অর্থ, নয় রক্ত’—স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি

ছবি: মেডিকেল পোস্ট

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আহসানারা বিনতে আহমেদকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির পরিচয় দিয়ে মোবাইল ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে ‘হয় অর্থ, নয় রক্ত’ বলে হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ওই স্বাস্থ্য কর্মকর্তা।

অভিযোগে জানা যায়, সোমবার বিকেলে আসলাম শিকদার নামে এক ব্যক্তি ডা: আহসানারা বিনতে আহমেদকে মোবাইল ফোনে কল করেন। এ সময় তিনি নিজেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। পূর্ণ পরিচয় জানতে চাইলে তিনি শুধু নিজের নাম আসলাম শিকদার এবং দলের নাম উল্লেখ করেন।

অভিযোগে স্বাস্থ্য কর্মকর্তা উল্লেখ করেন, ফোন করে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করা হয়। তবে নির্দিষ্ট কোনো টাকার অঙ্ক উল্লেখ করা হয়নি। কথোপকথনের একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি ঔদ্ধত্যপূর্ণ ভাষায় বলেন, ‘হয় অর্থ, নয় রক্ত’—এই দুটির যেকোনো একটি তাকে দিতে হবে।

এ সময় স্বাস্থ্য কর্মকর্তা থানায় অভিযোগ করার কথা বললে অপর প্রান্ত থেকে তাকে বলা হয়, থানায় কেন, এসপির কাছে তার নাম বলতে। প্রয়োজনে তাকে বা তার পরিবারের সদস্যদের রাস্তা থেকে তুলে নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। এ ধরনের প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় পড়েছেন ওই কর্মকর্তা।

এ বিষয়ে ডা: আহসানারা বিনতে আহমেদ জানান, কোনো কারণ ছাড়াই কর্মক্ষেত্রে এ ধরনের প্রাণনাশের হুমকি অত্যন্ত উদ্বেগজনক ও ভীতিকর। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনি সহায়তা পেতে তিনি সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করেছেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বলেন, অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ফোনটি এসেছে ঢাকা-গাজীপুরের জয়দেবপুর থেকে। এ চক্রটি অনেক সক্রিয় বলে মনে হচ্ছে। তবে আশা করা হচ্ছে, তাদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।

এমপি/ আরআই

আরও পড়ুন