শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৭, ০৮-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পটুয়াখালীর কুয়াকাটার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিলা নুসরাত ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জনের জন্য অধ্যয়নরত ছিলেন। তার স্বামী ডা: মাইনুল ইসলাম শুভ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার স্বামীসহ আরও দুই সহকর্মীকে নিয়ে ঢাকা থেকে কুয়াকাটায় ঘুরতে আসেন নাবিলা। তারা একটি আবাসিক হোটেলে রাতযাপন করেন। শনিবার বিকেলে একটি ইজিবাইকে করে মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার দেখতে যান। সন্ধ্যায় সেখান থেকে ফেরার পথে আজিমপুর গ্রামের বটতলা এলাকায় পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা যাত্রীরা ছিটকে পড়েন। এ সময় নাবিলার মাথা ইজিবাইকের নিচে চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
আহত ডা: শুভ জানান, ইজিবাইকের চাকার নিচে একটি বিড়াল চলে এলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ইজিবাইকটি উল্টে যায়। দুর্ঘটনায় তার স্ত্রীসহ অন্যরা আহত হন। পরে স্থানীয়রা নাবিলাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার বলেন, ঢাকা থেকে চারজন চিকিৎসক দুটি পরিবার মিলে কুয়াকাটায় ঘুরতে এসেছিলেন। তারা একটি বৌদ্ধমন্দির দেখে ফেরার পথে অটোরিকশা বা ইঞ্জিনচালিত ভ্যান উল্টে যায়। এ সময় ভ্যানটি নারী চিকিৎসক নাবিলা নুসরাতের ওপর পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয়।
ওসি জানান, এ ঘটনায় সঙ্গে থাকা স্বামী ডা: মঈন ইসলাম শুভ এবং আরও দুই চিকিৎসক ডা: রাব্বি ও ডা: উম্মে কুলসুম কলি আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ রয়েছেন। নিহত নাবিলার স্বামীও সুস্থতার পথে।
এমপি/ আরআই