ঢাকা, রোববার, ০৮ নভেম্বর ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

স্বাস্থ্য কমপ্লেক্সের কেনাকাটায় অনিয়ম, সত্যতা পেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:২৯, ০৮-১১-২০২৬

স্বাস্থ্য কমপ্লেক্সের কেনাকাটায় অনিয়ম, সত্যতা পেয়েছে দুদক

ছবি: মেডিকেল পোস্ট

রাঙামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন বিল-ভাউচার ও কেনাকাটায় অনিয়মের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৮ নভেম্বর) চার ঘণ্টার অভিযান শেষে অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। এ সময় নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায় দুদকের জেলা কার্যালয়ের পাঁচ সদস্যের একটি দল। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ ও রোগীদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে হাসপাতালের বিভিন্ন নথি যাচাই করেন দুদক কর্মকর্তারা। পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলেন তারা। সরকারি ওষুধ কেনা ও বিতরণসহ বিভিন্ন অনিয়মের বিষয়েও যাচাই-বাছাই করা হয়।

দুদকের জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সরোয়ার হোসেন বলেন, রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিল-ভাউচারসহ কেনাকাটায় অনিয়মের সত্যতা পাওয়া গেছে। এসব বিষয়ে বিস্তারিত প্রতিবেদন লিখিতভাবে প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরবর্তী সময়ে নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নওশাদ খাঁন বলেন, দুদকের অভিযানে কিছু বিল-ভাউচারে ত্রুটি পাওয়া গেছে। তবে এগুলো গুরুতর কোনো সমস্যা নয়।

এমপি/ আরআই

আরও পড়ুন