ঢাকা, রোববার, ০৮ নভেম্বর ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৩৭, ০৮-১১-২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: মেডিকেল পোস্ট

মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে আনন্দ ফুডকে ৫০ হাজার টাকা এবং মেঘবাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিকেলে শহরের শমসেরনগর রোড এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে প্রতিষ্ঠান দুটিতে খাদ্যদ্রব্য উৎপাদন ও প্রস্তুতের ক্ষেত্রে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ, স্যাঁতসেঁতে স্থান এবং স্বাস্থ্যসম্মত পরিবেশের ঘাটতি দেখা যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এমপি/ আরআই

আরও পড়ুন