ঢাকা, রোববার, ০৮ নভেম্বর ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:২৪, ০৮-১১-২০২৬

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

ছবি: মেডিকেল পোস্ট

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী দু-এক দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। আর ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে।

গতকাল (৭ নভেম্বর) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: মো. নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে দেরি হওয়ায় ওই তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এ ছাড়া ১১ ডিসেম্বর ৫১তম বিসিএসের লিখিত পরীক্ষা রয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

ভর্তি বিজ্ঞপ্তি ও আবেদনের সময়সূচি সম্পর্কে অধ্যাপক নাজমুল হোসেন বলেন, আগামী দু-এক দিনের মধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হতে পারে।

এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর পুনঃপরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘এটি সরকারের সিদ্ধান্ত।’

এমপি/ আরআই

আরও পড়ুন