ঢাকা, রোববার, ০৮ নভেম্বর ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

ভোলায় পূর্ণাঙ্গ আইসিইউ-সিসিইউ চালুর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:০৭, ০৮-১১-২০২৬

ভোলায় পূর্ণাঙ্গ আইসিইউ-সিসিইউ চালুর দাবিতে মানববন্ধন

ছবি: মেডিকেল পোস্ট

দ্বীপ জেলা ভোলার ২২ লাখ মানুষের উন্নত ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার (৮ নভেম্বর) দুপুরে জেলা সদর হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, আধুনিক সুযোগ-সুবিধা ও দক্ষ জনবল নিশ্চিত করে নিবিড় পরিচর্যা কেন্দ্র চালুর দাবি জানান।

বক্তারা বলেন, মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্য জেলায় যেতে গিয়ে প্রায়ই ভোগান্তি ও ঝুঁকির মুখে পড়তে হয় ভোলার মানুষকে। পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালু হলে সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসার সুযোগ বাড়বে। একই সঙ্গে জরুরি চিকিৎসার জন্য জেলার সাধারণ মানুষকে অন্য জেলায় ছুটতে হবে না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, সদর উপজেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্যসচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন প্রমুখ।

বক্তারা ভোলার মানুষের চিকিৎসার অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এমপি/ আরআই

আরও পড়ুন