ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

২৯ কার্তিক ১৪৩৩, ০৩ জমাদিউস সানি ১৪৪৮

মেয়েকে কিডনি দিতে চান মা, অর্থাভাবে আটকে আছে প্রতিস্থাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৫৯, ১৩-১১-২০২৬

মেয়েকে কিডনি দিতে চান মা, অর্থাভাবে আটকে আছে প্রতিস্থাপন

ছবি: মেডিকেল পোস্ট

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল আদৃতা দাসের। কিন্তু দুই কিডনির জটিল রোগে থমকে গেছে তার পড়াশোনা ও স্বপ্ন। মেয়েকে বাঁচাতে নিজের একটি কিডনি দিতে প্রস্তুত মা শিল্পী দাস। চিকিৎসকেরাও প্রাথমিক পরীক্ষায় মায়ের কিডনি মেয়েকে দেওয়ার উপযোগী বলে জানিয়েছেন। তবে অর্থাভাবে আটকে আছে কিডনি প্রতিস্থাপন। মেয়ের চিকিৎসায় সহযোগিতার জন্য সমাজের সামর্থ্যবান মানুষের কাছে আকুতি জানিয়েছে পরিবার।

সরেজমিনে দেখা যায়, ময়মনসিংহ নগরের গিরীশ চক্রবর্তী রোডের একটি ভাড়া বাসায় বিছানায় শুয়ে থাকতে দেখা যায় আদৃতাকে। অথচ একই সময়ে তার কলেজ আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজে চলছিল নবীনবরণ অনুষ্ঠান। সহপাঠীরা যখন নতুন কলেজজীবন শুরু করছে, তখন অসুস্থতার কারণে ঘরবন্দি হয়ে দিন কাটছে তার।

আদৃতা ২০২৬ সালে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করে। স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। পরে শারীরিক প্রতিবন্ধকতার কারণে বিজ্ঞান বিভাগ ছেড়ে মানবিক বিভাগে কলেজে ভর্তি হয় সে। কিন্তু কিডনির জটিলতা বেড়ে যাওয়ায় তার পড়াশোনাও এখন অনিশ্চিত।

পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালে আদৃতার শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি ধরা পড়ে। প্রায় এক বছর চিকিৎসার পরও শারীরিক দুর্বলতা না কমায় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ২০২৫ সালের শুরুর দিকে দুই কিডনির সমস্যা শনাক্ত হয়। কিডনি দিয়ে অতিরিক্ত প্রোটিন বের হওয়ার পাশাপাশি উচ্চ রক্তচাপও ছিল তার।

প্রথমে ময়মনসিংহে চিকিৎসা নেওয়ার পর ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা করানো হয়। সেখানে কিডনি বায়োপসির সময় খিঁচুনি হলে আতঙ্কিত হয়ে পড়ে আদৃতা। পরে আত্মীয়স্বজন ও পরিচিতদের সহযোগিতায় গত বছরের জুলাইয়ে ভারতের বেঙ্গালুরুতে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসকরা জানান, তার কিডনির প্রায় ৫০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

চলতি বছরের আগস্টে দ্বিতীয়বার ভারতের কলকাতায় চিকিৎসা করাতে নেওয়া হলে কিডনির অবস্থা আরও অবনতির বিষয়টি জানা যায়। পরিবারের ভাষ্য, তখন তার ক্রিয়েটিনিনের মাত্রা প্রায় ৭ ছিল, পরে তা বেড়ে ৯-এ পৌঁছায়। চিকিৎসকেরা দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন।

আদৃতার বাবা কমল দাস মেছুয়া বাজারের একটি মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। সামান্য বেতনে চার সদস্যের সংসার চালাতে হয় তাকে। মা শিল্পী দাস গৃহিণী। দুই মেয়ের মধ্যে আদৃতা বড়। ছোট মেয়ে স্বস্তিকা দাস ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

শিল্পী দাস বলেন, ‘আমার মেয়েটা আগে অনেক দুর্বল ছিল। স্কুল থেকে এসে বলত, মা, শরীরটা অনেক খারাপ লাগছে। প্রথমে বুঝতে পারিনি এত বড় সমস্যা হয়েছে। এক বছর হিমোগ্লোবিনের চিকিৎসা করিয়েছি। পরে জানতে পারি, দুই কিডনিতেই সমস্যা।’

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, ‘মেয়েকে নিয়ে কত জায়গায় গেছি। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের সহযোগিতায় দুইবার ভারতে চিকিৎসার জন্য নিয়েছি। চিকিৎসকরা বলেছেন, দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। আমার কিডনি মেয়ের সঙ্গে মিলেছে। আমি কিডনি দিতে রাজি আছি। কিন্তু প্রতিস্থাপন করতে যে টাকা লাগবে, সেই টাকা আমার কাছে নেই। একটা নাপা ওষুধ কিনে দেওয়ার সামর্থ্যও অনেক সময় থাকে না। আমি কীভাবে এত টাকা জোগাড় করব?’

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শিল্পী দাস বলেন, ‘আমার মেয়ের স্বপ্ন ছিল ডাক্তার হবে। সুস্থ হলে পড়াশোনা শেষ করে মানুষের সেবা করতে চায়। আমি সবার কাছে ভিক্ষা চাই, আপনারা আমার মেয়েটাকে বাঁচান। সরকার ও দেশবাসী একটু সহযোগিতা করলে হয়তো আমার মেয়েটা আবার নতুন জীবন পাবে।’

কমল দাস বলেন, ‘আমি দোকানে কর্মচারীর চাকরি করি। যে বেতন পাই, তা দিয়ে সংসারই ঠিকমতো চলে না। মেয়ের চিকিৎসা করার মতো কোনো টাকা আমার হাতে নেই। আমার স্ত্রী মেয়েকে কিডনি দিতে চাচ্ছে। কিন্তু কিডনি প্রতিস্থাপনের জন্য যে ১০ থেকে ১৫ লাখ টাকা প্রয়োজন, তা জোগাড় করার সামর্থ্য আমাদের নেই। সরকারের কাছে, দেশবাসীর কাছে অনুরোধ, আমার মেয়েটাকে বাঁচাতে সহযোগিতা করুন।’

এদিকে, আদৃতার চিকিৎসায় স্থানীয় বাসিন্দা ও সমাজকর্মীরাও সহযোগিতার উদ্যোগ নিয়েছেন। তাদের একজন শ্যামল কান্তি পাল জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও পরিচিতজনদের কাছ থেকে ইতোমধ্যে প্রায় আড়াই লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। তবে চিকিৎসার জন্য আরও প্রায় ৮ থেকে ৯ লাখ টাকা প্রয়োজন।

তিনি বলেন, আদৃতার দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি জানার পর তারা সহযোগিতায় এগিয়ে আসেন। চিকিৎসকেরা দ্রুত প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। মায়ের কিডনিও মেয়েকে দেওয়ার উপযোগী বলে জানা গেছে। দেশের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও ময়মনসিংহবাসীর প্রতি আদৃতার চিকিৎসায় সহযোগিতার আহ্বান জানান তিনি।

স্থানীয় বাসিন্দা বিউটি পালও আদৃতার পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ওর অসুস্থতার শুরু থেকেই আমরা পাশে থাকার চেষ্টা করেছি। বন্ধু-বান্ধব মিলে সহযোগিতা করে তাকে ভারতে পাঠিয়েছি। কিন্তু এখন চিকিৎসার জন্য অনেক বড় অঙ্কের টাকা প্রয়োজন। আমাদের পক্ষে একা এত টাকা দেওয়া সম্ভব নয়। আমরা এখনো ওর পাশে আছি, ভবিষ্যতেও থাকব।’

নিজের স্বপ্নের কথা জানিয়ে আদৃতা বলে, ‘আমার স্বপ্ন ছিল ডাক্তার হব। কিন্তু অসুস্থতার কারণে আমার স্বপ্নটা থেমে গেছে। সবাই যদি সহযোগিতা করেন, তাহলে সুস্থ হয়ে আবার পড়াশোনা করতে চাই। নিজের স্বপ্ন পূরণ করে দেশের মানুষের সেবা করতে চাই, মানুষের পাশে থাকতে চাই। সবার কাছে আমার সহযোগিতার আবেদন।’

আদৃতার পরিবার ও স্থানীয় সহযোগীরা সরকারের সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি এবং সমাজের সামর্থ্যবান মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন। তাদের আশা, সবার সম্মিলিত সহায়তায় অর্থের অভাবে থেমে থাকবে না আদৃতার চিকিৎসা।

সাহায্য পাঠানোর ঠিকানা

বিকাশ (পারসোনাল): 01727-909224

নগদ (পারসোনাল): 01727-909224

ব্যাংক: ডাচ্‌-বাংলা ব্যাংক

হিসাবধারীর নাম: শিল্পী দাস (Shilpi Das)

হিসাব নম্বর: 1561580347081

শাখা: ময়মনসিংহ

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন