ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

২৯ কার্তিক ১৪৩৩, ০৩ জমাদিউস সানি ১৪৪৮

দেশে ১ কোটি ৩৯ লাখ ডায়াবেটিসে আক্রান্ত, প্রায় অর্ধেকই নারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৫৪, ১৩-১১-২০২৬

দেশে ১ কোটি ৩৯ লাখ ডায়াবেটিসে আক্রান্ত, প্রায় অর্ধেকই নারী

ছবি: মেডিকেল পোস্ট

বাংলাদেশে বর্তমানে ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। আক্রান্তদের প্রায় অর্ধেক নারী। এ ছাড়া ডায়াবেটিসে আক্রান্ত অর্ধেকেরও বেশি মানুষ জানেন না যে তাদের এই রোগ রয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রতি ১০০ জন নারীর মধ্যে ২৫ জন গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হন। তাদের মধ্যে ৬৫ শতাংশ পরবর্তী সময়ে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হন। গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত নারীর পাশাপাশি তাদের গর্ভস্থ শিশুরও পরবর্তী সময়ে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। তবে পরিকল্পিত গর্ভধারণ এবং গর্ভকালীন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

চিকিৎসকরা বলেন, ডায়াবেটিস সারা জীবনের রোগ। একবার আক্রান্ত হলে তা পুরোপুরি সারে না। তবে রোগটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য ডায়াবেটিস আছে কিংবা নেই—উভয় শ্রেণির মানুষকেই এ রোগ সম্পর্কে জানতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার খাওয়া, শারীরিক পরিশ্রমের অভাব, নিয়মিত শরীরচর্চা না করা এবং অতিরিক্ত ওজন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। এসব ঝুঁকি এড়িয়ে চলার পাশাপাশি বছরে অন্তত দুবার ডায়াবেটিস পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তারা। দ্রুত রোগ শনাক্ত করে চিকিৎসা শুরু করা গেলে ডায়াবেটিসজনিত জটিলতা এড়ানো সহজ হয়।

তারা আরও বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ফেইলিওর, অন্ধত্ব ও অঙ্গচ্ছেদের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ বা ইনসুলিন গ্রহণ করতে হবে। পাশাপাশি নিয়মিত ব্যায়াম, সুষম খাবার, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং সুশৃঙ্খল জীবনযাপন জরুরি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বারডেমের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মো. নাছির উদ্দীন আহমেদ (অব.), ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিইও অধ্যাপক ডা: সাহেলা নাসরিন এবং বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও বারডেম একাডেমির সিনিয়র পরিচালক অধ্যাপক মো. ফারুক পাঠানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন