শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৩, ১৩-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
শুক্রবার (১৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় প্রতিষ্ঠানটি।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ। তাদের মধ্যে ৩৯ দশমিক ১ শতাংশই জানতেন না যে তারা ডায়াবেটিসে আক্রান্ত। একই সময়ে দেশে ডায়াবেটিস-সম্পর্কিত স্বাস্থ্যসেবায় ব্যয় হয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা।
প্রজ্ঞা জানায়, দেশে অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ব্যবহার বাড়ছে। এসব খাবার ও পানীয় গ্রহণের ফলে ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে প্রায় ৯৭ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত একবার প্যাকেটজাত খাবার গ্রহণ করেন। একই সঙ্গে প্রক্রিয়াজাত খাদ্যে লবণ, চিনি ও চর্বির মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত সীমার চেয়ে বেশি পাওয়া গেছে।
প্রজ্ঞার মতে, খাদ্যপণ্যের প্যাকেটের সামনের অংশে সতর্কবার্তা বা ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) চালু করা হলে ভোক্তারা সহজেই অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত পণ্য শনাক্ত করতে পারবেন। এতে খাবার কেনার সময় স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।
প্রতিষ্ঠানটি জানায়, গবেষণায় দেখা গেছে মাত্রাতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত খাদ্যপণ্য শনাক্ত করতে সতর্কতামূলক লেবেল বাংলাদেশের ভোক্তাদের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি। এ অবস্থায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রণীত খসড়া ‘নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬’ দ্রুত চূড়ান্ত করার দাবি জানিয়েছে প্রজ্ঞা। একই সঙ্গে কোনো ধরনের শিথিলতা বা অব্যাহতি ছাড়াই খাদ্যপণ্যের প্যাকেটের সামনে বাধ্যতামূলক সতর্কবার্তা চালুর আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ‘ডায়াবেটিস প্রতিরোধে আগাম পদক্ষেপের অংশ হিসেবে খাদ্যপণ্যে মাত্রাতিরিক্ত চিনি ও অন্যান্য স্বাস্থ্য ক্ষতিকর উপকরণ সম্পর্কে জানা ভোক্তার অধিকার। জনস্বাস্থ্য সুরক্ষায় কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়াই খসড়া প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করে খাদ্য প্যাকেটের সামনে সতর্কবার্তা চালু করতে হবে।’
এমপি/ আরআই