ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

২৯ কার্তিক ১৪৩৩, ০৩ জমাদিউস সানি ১৪৪৮

মানিকগঞ্জে হাসপাতালসহ তিন প্রতিষ্ঠানে জরিমানা, দুটি বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:২৫, ১৩-১১-২০২৬

মানিকগঞ্জে হাসপাতালসহ তিন প্রতিষ্ঠানে জরিমানা, দুটি বন্ধ

ছবি: মেডিকেল পোস্ট

মানিকগঞ্জের ঘিওরে নানা অনিয়মের অভিযোগে একটি বেসরকারি হাসপাতাল ও দুটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে প্রতিষ্ঠান তিনটিকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল (১২ নভেম্বর) দুপুরে উপজেলার ঘিওর আধুনিক হাসপাতাল, ইউনিক মেডিকেল সেন্টার ও এভারগ্রীন মেডিকেল সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা: আইভী ফেরদৌস। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলাম।

অভিযানে ঘিওর আধুনিক হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে নারী ও পুরুষের জন্য পৃথক কেবিন বা ওয়ার্ড এবং স্বাভাবিক প্রসবের জন্য নির্ধারিত কক্ষ ছিল না। এ ছাড়া অপারেশন থিয়েটারের (ওটি) নথিতে চিকিৎসকের নাম উল্লেখ না করা, আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে অনিয়ম এবং প্যাথলজি বিভাগে নিয়মবহির্ভূতভাবে পরীক্ষা-নিরীক্ষা করার প্রমাণ পাওয়া যায়।

অন্যদিকে, এভারগ্রীন মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির প্যাথলজি বিভাগে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ এবং পরীক্ষা-নিরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যায়।

এ ছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে ইউনিক মেডিকেল সেন্টারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরীক্ষা-নিরীক্ষায় অতিরিক্ত মূল্য আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ এবং ল্যাবে শীতাতপ নিয়ন্ত্রণের (এসি) ব্যবস্থা না থাকাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলাম বলেন, সিভিল সার্জনের সঙ্গে তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিভিল সার্জন ডা: আইভী ফেরদৌস বলেন, মানিকগঞ্জের প্রতিটি মানুষ যাতে নিয়মিত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। এর অংশ হিসেবে ঘিওরে একটি বেসরকারি হাসপাতাল ও দুটি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনে দেখা গেছে, প্রতিষ্ঠানগুলোর কোনোটিই স্বাস্থ্যসেবা দেওয়ার উপযুক্ত নয়। সাধারণ মানুষের সঙ্গে এভাবে প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন