শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১১, ১৩-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গত ৩১ জানুয়ারি অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ৬৫ বছর বয়সী আবুল হোসেন। যক্ষ্মা থেকে সুস্থ হওয়ার পর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরিবারের দাবি, তার জরুরি ভিত্তিতে আইসিইউ সেবা প্রয়োজন ছিল। কিন্তু আইসিইউ শয্যা না পাওয়ায় ১ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। মৃত্যুর এক দিন পর আইসিইউ থেকে ফোন করে শয্যা পাওয়ার কথা জানানো হয়েছিল বলে জানান তার ছেলে রাসেল।
এর প্রায় নয় মাস পর অসুস্থ হয়ে পড়েন আবুল হোসেনের বড় ভাই ৭২ বছর বয়সী আমজাদ হোসেন। পেট ফুলে যাওয়া ও কোষ্ঠকাঠিন্য নিয়ে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন ছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর তার পাকস্থলীতে ক্যান্সার ধরা পড়ে। বায়োপসির নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল; ১৪ নভেম্বর প্রতিবেদন পাওয়ার কথা ছিল। এর মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তিনি রক্তবমি করছিলেন এবং তাকে শুধু স্যালাইন দেওয়া হচ্ছিল বলে পরিবারের সদস্যরা জানান।
গত ১১ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে আমজাদকে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে তাকে ভর্তি করা হয়নি বলে অভিযোগ পরিবারের। পরে রংপুরের ডক্টরস হাসপাতালে প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচের কথা জানানো হলে আর্থিক সংকটে সেখানে চিকিৎসা করাতে পারেনি পরিবার। পরে তাকে আবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
আমজাদের পুত্রবধূ আলিয়া জাহান মিষ্টি অভিযোগ করেন, হাসপাতালে জ্যেষ্ঠ ও দায়িত্বশীল চিকিৎসকদের যথাযথভাবে পাওয়া যায়নি। রাতে চিকিৎসকের খোঁজ পাওয়া কঠিন ছিল। অ্যাম্বুলেন্স পেতেও ভোগান্তিতে পড়তে হয়েছে। এমনকি মরদেহ নেওয়ার সময় ৫০০ টাকা চাওয়া হয়েছিল, পরে ১৫০ টাকা দিয়ে বিষয়টি মীমাংসা হয় বলে দাবি করেন তিনি।
আমজাদের একমাত্র ছেলে নূর মোহাম্মদ ২০১১ সালে ২৭ বছর বয়সে কিডনি রোগে একই হাসপাতালে মারা যান। বাবাকে হারানোর সময় তার মেয়ে নীলিমার বয়স ছিল মাত্র দুই বছর। আমজাদ মৃত্যুকালে নাতনিকে রেখে গেছেন।
এমপি/ আরআই