শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪২, ১৩-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
শুক্রবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থার (আইএআরসি) যৌথ ইমপ্যাক্ট রিভিউ মিশন-২০২৬-এর অংশ হিসেবে দলটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) এবং আনোয়ারা উপজেলা পরিদর্শন করে।
পরিদর্শনের মূল লক্ষ্য ছিল চট্টগ্রাম অঞ্চলে ক্যান্সার প্রতিরোধ, স্ক্রিনিং, রোগনির্ণয় ও চিকিৎসাসেবার বিদ্যমান সক্ষমতা যাচাই করা। পাশাপাশি বিশেষজ্ঞ জনবল, প্রযুক্তিগত সুবিধা এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ চিহ্নিত করাও ছিল এ কার্যক্রমের উদ্দেশ্য।
মিশনের নেতৃত্ব দেন আইএইএর সিনিয়র প্রোগ্রাম অফিসার ইগোর ভেলজকোভিচ। আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের অন্য সদস্যরা হলেন সঞ্জীব গুণাসেকেরা, মেগুমি হোরি, মোহাম্মদ ফাহিম, এলি অ্যাশউইন নারায়ণ, ক্যাথরিন ল্যাম, থমাস নিল প্যাসকুয়াল, নালিকা এস. গুণাবর্ধনা, প্যাট্রিসিয়া জুলি লিং ও ডা: বিষ্ণু রথ গিরি।
এ সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. আকরাম হোসেন প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন। যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে যুক্ত হন প্যাথলজি ও ল্যাবরেটরি মেডিসিন বিশেষজ্ঞ ডা: উমা কুন্ডু পাভলোভিচ এবং ব্রেস্ট সার্জিক্যাল অনকোলজি বিশেষজ্ঞ ডা: আনা পাউলা কোরেয়া রিফিনেত্তি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে ক্যান্সার চিকিৎসার অবকাঠামো, বিশেষজ্ঞ চিকিৎসক, রোগনির্ণয় সুবিধা ও আধুনিক চিকিৎসাসেবার সুযোগ পর্যালোচনা করা হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মোহাম্মদ জসিম উদ্দিন এবং রেডিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক ডা: সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ।
বিশেষজ্ঞরা জানান, ক্যান্সার রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে রেডিওথেরাপি, সার্জারি, কেমোথেরাপি, প্যাথলজি, ইমেজিং ও প্রশমনসেবার মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। চট্টগ্রামে এসব সেবার সক্ষমতা বাড়ানো গেলে দক্ষিণ-পূর্বাঞ্চলের রোগীদের চিকিৎসার জন্য রাজধানীনির্ভরতা কমানো সম্ভব হবে।
পরে প্রতিনিধি দল ইনমাস চট্টগ্রাম পরিদর্শন করে। সেখানে ক্যান্সারসহ বিভিন্ন রোগের নির্ভুল রোগনির্ণয়, আধুনিক ইমেজিং এবং নিউক্লিয়ার মেডিসিনভিত্তিক চিকিৎসাসেবার সক্ষমতা পর্যালোচনা করা হয়।
আনোয়ারা উপজেলা পরিদর্শনে প্রাথমিক স্বাস্থ্যসেবার মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে জরায়ুমুখ, স্তন ও মুখগহ্বরের ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী শনাক্তকরণ এবং স্ক্রিনিং কার্যক্রম সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি সন্দেহজনক রোগীদের দ্রুত বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রে পাঠাতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্যসেবার মধ্যে কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।
সংশ্লিষ্টদের মতে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ইনমাস ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল, ক্যান্সার রেজিস্ট্রি, গবেষণা ও বিশেষজ্ঞ প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ প্রয়োজন। আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের এ মূল্যায়ন চট্টগ্রাম অঞ্চলে ক্যান্সার চিকিৎসার অবকাঠামো উন্নয়ন ও সেবা সম্প্রসারণের অগ্রাধিকার নির্ধারণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
এমপি/ আরআই