ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

২৯ কার্তিক ১৪৩৩, ০৩ জমাদিউস সানি ১৪৪৮

জলাতঙ্কের টিকার বিক্রিতে বাভারিয়ান নর্ডিকের আয় বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:২৪, ১৩-১১-২০২৬ | আপডেট: ৬:২৯, ১৩-১১-২০২৬

জলাতঙ্কের টিকার বিক্রিতে বাভারিয়ান নর্ডিকের আয় বৃদ্ধি

ছবি: মেডিকেল পোস্ট

জলাতঙ্কের টিকার শক্তিশালী বিক্রির কারণে ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে ডেনমার্কের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাভারিয়ান নর্ডিকের। এ সময়ে প্রতিষ্ঠানটির আয় বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত আর্থিক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, তৃতীয় প্রান্তিকে তাদের আয় হয়েছে ১৮১ কোটি ডেনিশ ক্রোনার, যা বিশ্লেষকদের পূর্বাভাস ১৬৯ কোটি ক্রোনারের চেয়ে বেশি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভ্রমণ স্বাস্থ্যসেবা খাতে প্রতিষ্ঠানটির আয় বেড়েছে ২২ শতাংশ, যা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে ১৩ শতাংশ বেশি। জলাতঙ্কের টিকা র‍্যাবঅ্যাভার্ট ও র‍্যাবিপুরের ধারাবাহিক বিক্রি এ প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি চিকুনগুনিয়ার টিকা ভিমকুনিয়ার বাজারজাতকরণও আয় বাড়াতে সহায়তা করেছে।

বাভারিয়ান নর্ডিকের প্রধান অর্থ কর্মকর্তা হেনরিক জুয়েল রয়টার্সকে বলেন, জলাতঙ্কের টিকা তাদের আয়ের অন্যতম প্রধান উৎস। এ টিকার বাজার শিগগিরই কমে যাওয়ার কোনো লক্ষণ তারা দেখছেন না।

তিনি জানান, যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রথম নয় মাসে জলাতঙ্কের টিকার বাজার আগের বছরের একই সময়ের তুলনায় ৩৬ শতাংশ বেড়েছে। রোগটি সম্পর্কে সচেতনতা বাড়ায় আরও বেশি মানুষ টিকা নিতে আগ্রহী হচ্ছেন।

প্রতিষ্ঠানটি গত অক্টোবরে পুরো বছরের আয়ের পূর্বাভাস বাড়িয়েছিল। তৃতীয় প্রান্তিকের ফল প্রকাশের পরও সেই পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে তারা।

এমপি/ আরআই

আরও পড়ুন