ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

১২ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৫ জমাদিউস সানি ১৪৪৮

কুমেক হাসপাতালে সেবার নামে অনিয়ম, ওষুধের মজুতেও অসংগতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:২৬, ২৬-১১-২০২৬

কুমেক হাসপাতালে সেবার নামে অনিয়ম, ওষুধের মজুতেও অসংগতি

ছবি: মেডিকেল পোস্ট

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে রোগীদের হয়রানি, ইসিজি পরীক্ষার ফি আদায়ে রশিদ না দেওয়া, ইকো পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়া এবং ওষুধের মজুতে গরমিলের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি।

গতকাল (২৫ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের অ্যানফোর্সমেন্ট ইউনিট ও সমন্বিত জেলা কার্যালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা দুদকের সহকারী পরিচালক মো. এমরান হোসেনের নেতৃত্বে অভিযানে উপসহকারী পরিচালক সিদ্দিকুর রহমান রুবেল ও সানজিদা আকতার শিলা অংশ নেন।

দুদক জানায়, প্রথমে ছদ্মবেশে হাসপাতালের পরিবেশ ও সেবার কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। পরে সেবাগ্রহীতাদের বক্তব্য নেওয়া এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র যাচাই করা হয়। কার্ডিওলজি বিভাগে ইসিজি পরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে ৮০ টাকা করে নেওয়া হলেও রশিদ দেওয়া হতো না বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। কার্ডিওগ্রাফার মোহাম্মদ হাফিজুর রহমান ছোট কাগজে টোকেনের হিসাব রাখতেন। পরে সীমিতসংখ্যক রোগীর নামে রেজিস্টার ও রশিদ বইয়ে এন্ট্রি করা হতো বলে অভিযানে পর্যবেক্ষণ করা হয়।

দুদকের ভাষ্য, ইসিজি রিপোর্ট, রেজিস্টার ও রশিদ বই যাচাই করে সংশ্লিষ্ট রোগীদের পরীক্ষার ফি জমা দেওয়ার তথ্য পাওয়া যায়নি। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ২৩০ থেকে ২৫০ জন রোগী ইসিজি করাতে এলেও রেজিস্টারে নিয়মিত ৪০ থেকে ৪৫ জনের নাম লেখা হতো। এ সময় কার্ডিওগ্রাফারের ড্রয়ার থেকে টাকা জমার স্লিপের একটি বই উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি বলে জানিয়েছে দুদক।

এ ছাড়া ইকো কার্ডিও রুমে অভিযান চালিয়ে সরকারি রেজিস্টারের পাশাপাশি সাদা কাগজে আলাদা তালিকা সংরক্ষণের বিষয়টি দেখতে পায় দুদক। সংস্থাটির দাবি, সাধারণ রোগীদের ইকো পরীক্ষার তারিখ দুই থেকে চার দিন পর দেওয়া হলেও সরকারি নির্ধারিত ২০০ টাকার বাইরে অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা দেওয়া রোগীদের তাৎক্ষণিক সেবা দেওয়া হচ্ছিল। এ বিষয়ে কয়েকজন সেবাগ্রহীতার বক্তব্য নেওয়া হয়েছে।

অন্যদিকে, হাসপাতালের বহির্বিভাগের ওষুধ বিতরণ কেন্দ্র ও কেন্দ্রীয় স্টোরের মজুত যাচাইয়েও গরমিল পাওয়া গেছে। দুদক জানায়, ১৩৮ নম্বর ওষুধ বিতরণ কেন্দ্রের স্টক রেজিস্টার নিয়মিত হালনাগাদ করা হয়নি। ‘মন্টিলুকাস্ট’ ওষুধের রেজিস্টারে ২৬ হাজার ৬০০ পাতা থাকার কথা থাকলেও গণনায় পাওয়া গেছে ২৫ হাজার ৬০০ পাতা।

পাশাপাশি কেন্দ্রীয় স্টোরেও ওষুধের হিসাবে অসংগতি পাওয়া যায়। একটি ওষুধের রেজিস্টারে ২৪ হাজার ২৬৫টি থাকার কথা থাকলেও ‘এস্কেপ’ ও ‘বিকন’ ব্র্যান্ডের মিলিয়ে পাওয়া গেছে ১৭ হাজার ৬০৯টি। ‘হাইড্রোকর্টিসন ১০০ মিগ্রা’ ইনজেকশনের ক্ষেত্রে রেজিস্টারে ২০ হাজার ১০১টি থাকলেও বাস্তবে পাওয়া গেছে ১৯ হাজার ১০০টি। এসব ঘাটতির বিষয়ে স্টোর কিপার শ্যামল কান্তি রায় সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। কয়েকটি ওষুধে সরকারি সম্পত্তির চিহ্ন বা সিল না থাকার বিষয়টিও পর্যবেক্ষণ করেছে দুদক।

এদিকে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী কেনার চালান ও পণ্যের গায়ে উল্লেখ করা মূল্য যাচাই করে দর নিয়ে অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি। চালানে ৮৯ টাকা দরে সাবান কেনার উল্লেখ থাকলেও সরেজমিনে সাবানের গায়ে ৬০ টাকা মূল্য দেখা যায়। একইভাবে টয়লেট ক্লিনার, ফিনাইল, টিস্যু, হ্যান্ডওয়াশ, ওয়াশিং পাউডার, প্লাস্টিকের বদনা ও পানির জগ কেনার চালানের দর এবং পণ্যের গায়ে উল্লেখ করা মূল্যের মধ্যে বড় পার্থক্য পাওয়া গেছে।

এ বিষয়ে দুদকের জেলা সহকারী পরিচালক এমরান হোসেন বলেন, অভিযোগসংশ্লিষ্ট আরও কিছু নথি চাওয়া হলে সংশ্লিষ্টরা তা জমা দেওয়ার জন্য সময় চেয়েছেন। নথিপত্র সংগ্রহ ও পর্যালোচনার পর কমিশনে পূর্ণাঙ্গ অ্যানফোর্সমেন্ট প্রতিবেদন দাখিল করা হবে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন