ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

১২ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৫ জমাদিউস সানি ১৪৪৮

তাইজে হুতিদের অবরোধ, টিকা ও চিকিৎসার অভাবে ঝুঁকিতে লাখো শিশু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:০০, ২৬-১১-২০২৬

তাইজে হুতিদের অবরোধ, টিকা ও চিকিৎসার অভাবে ঝুঁকিতে লাখো শিশু

ছবি: মেডিকেল পোস্ট

ইয়েমেনের তাইজ শহরে হুতি বিদ্রোহীদের অবরোধ ও সংঘাতের কারণে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। নিরাপত্তাহীনতা, চিকিৎসাসেবা ব্যাহত হওয়া এবং টিকা ও ওষুধের সংকটে লাখো শিশু ঝুঁকিতে পড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, তাইজ অঞ্চলের প্রায় ৩ লাখ ৫০ হাজার শিশু হাম ও রুবেলার জীবনরক্ষাকারী টিকা থেকে বঞ্চিত হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দক্ষিণ তাইজের একটি পাহাড়ি গ্রামের এক মাকে মৃত শিশুকন্যাকে কোলে নিয়ে কান্না করতে দেখা যায়। শিশুটির নাম গাজা। অসুস্থ হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথে হুতি যোদ্ধাদের গুলির মুখে গাড়িটি ফিরে যেতে বাধ্য হয়। শেষ পর্যন্ত চিকিৎসা না পেয়ে শিশুটির মৃত্যু হয়।

তাইজের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে সেখানে হাম সন্দেহে ২ হাজার ৮০৪ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৮০ জনের হাম নিশ্চিত হয়েছে এবং ২৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া কলেরায় ১ হাজার ৬০৫ জন, তীব্র ডায়রিয়ায় ৭১ হাজার ৩০৩ জন এবং ম্যালেরিয়ায় ৫০ হাজার ৪০ জন আক্রান্ত হওয়ার সন্দেহ করা হচ্ছে। এর মধ্যে ৪ হাজার ৩৫৪ জনের ম্যালেরিয়া নিশ্চিত হয়েছে।

তাইজের টিকাদান কর্মসূচির ব্যবস্থাপক ডা: ফাহেদ আল-নাম জানান, অবরোধ ও নিরাপত্তাঝুঁকির কারণে বিভিন্ন এলাকায় টিকা ও চিকিৎসাসামগ্রী পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। হুতি নিয়ন্ত্রিত এলাকায় সম্প্রতি দখলে নেওয়া ৭০টি স্বাস্থ্যকেন্দ্রে কোনো টিকা নেই। এসব এলাকায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ৩ লাখ ৪৭ হাজার শিশু হাম প্রতিরোধের বুস্টার ডোজ পায়নি। তাইজ শহরে বর্তমানে যে পরিমাণ টিকা মজুত রয়েছে, তা ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলতে পারে। এরপর টিকার সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

তাইজের তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মদ আল-মাসানি জানান, অবরোধের কারণে এডেন থেকে তাইজে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেছে। চোরাই পথে আসা ওষুধের অনেকগুলো সঠিকভাবে সংরক্ষণ না করায় কার্যকারিতা হারানোর ঝুঁকিতে রয়েছে।

এদিকে, ইয়েমেনে শিশুদের অপুষ্টিও ভয়াবহ আকার ধারণ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, দেশটিতে পাঁচ বছরের কম বয়সী ২২ লাখের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগতে পারে। এর মধ্যে পাঁচ লাখের বেশি শিশুর মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সেপ্টেম্বরে প্রকাশিত এক জরিপে দেখা গেছে, স্বাস্থ্যকর্মীদের পরীক্ষা করা প্রায় ২ হাজার ৯০০ শিশুর এক-চতুর্থাংশের বেশি তীব্র অপুষ্টিতে ভুগছে। তাদের মধ্যে ২০০ জনের বেশি শিশু মারাত্মক অপুষ্টির শিকার। এর কারণে শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়। ফলে হাম, কলেরা ও অন্যান্য সংক্রামক রোগে আক্রান্ত হলে তাদের মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী সংস্থা ওসিএইচএ জানিয়েছে, অক্টোবরের শুরু থেকে তাইজ শহর কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়ক বন্ধ থাকায় জ্বালানি, খাবার ও জরুরি পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে।

সংস্থাটির মুখপাত্র জেন্স লায়েরকে বলেন, চলমান সংঘাতের কারণে মানবিক সহায়তাকর্মীদের পক্ষে শহরে প্রবেশ করা এবং সাধারণ মানুষের পক্ষে শহর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে।

তাইজভিত্তিক মানবাধিকার তথ্য ও প্রশিক্ষণ কেন্দ্রের অভিযোগ, গত ৩ সেপ্টেম্বর থেকে ৯ নভেম্বরের মধ্যে হুতি যোদ্ধারা পাঁচটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র এবং অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে। এসব ঘটনায় রোগী ও চিকিৎসাকর্মীদের হতাহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া চিকিৎসা সরঞ্জাম লুট, জ্বালানি, অক্সিজেন ও ওষুধের সংকটে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), ডায়ালাইসিস ইউনিট এবং নবজাতকদের ইনকিউবেটর পরিচালনাও হুমকির মুখে পড়েছে।

এ ছাড়া গত ৭ নভেম্বর ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও গাভির সহায়তায় জরুরি হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করে। ছয় দিনব্যাপী এ কর্মসূচির লক্ষ্য ছিল ১১টি গভর্নরেটের ১০০টি এলাকায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ৯ লাখ ৫০ হাজারের বেশি শিশুকে টিকা দেওয়া।

তবে দেশটির বিভিন্ন অঞ্চল বিভিন্ন পক্ষের নিয়ন্ত্রণে থাকায় অনেক শিশুর কাছে টিকাদান কর্মীরা পৌঁছাতে পারছেন না। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৪ অক্টোবর পর্যন্ত ইয়েমেনে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮০০। এ রোগে মারা গেছে ১২৮ জন।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ হুতিদের অবিলম্বে তাইজের গুরুত্বপূর্ণ সড়ক খুলে দিয়ে সাধারণ মানুষের জন্য খাবার, ওষুধ ও মানবিক সহায়তা প্রবেশের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন