শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৩২, ২৬-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (২৫ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, উত্তর কিভু প্রদেশের বেনি শহরের প্রধান হাসপাতালের মর্গের সামনে চলতি সপ্তাহে কয়েক ডজন মানুষ জড়ো হন। তারা স্বজনদের মরদেহের খোঁজ না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জবাব চান এবং মৃতদেহ ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার অভিযোগ তোলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ, দাফনকারী দল ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা পরিবারগুলোকে জানিয়েছেন, নিখোঁজ মরদেহ খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তারা সাড়া দেননি।
ইবোলা সংক্রমণের ঝুঁকি কমাতে আক্রান্তদের মরদেহ সাধারণত রেড ক্রসের মতো বিশেষায়িত দল দাফন করে থাকে। এ সময় পরিবারের সদস্যরা উপস্থিত থাকতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে পরিবারের কাছ থেকে কফিনও সরবরাহ করতে বলা হয়।
মর্গের সামনে জড়ো হওয়া ব্যক্তিদের একজন মাথে কাসেরেকা জানান, ১৯ বছর বয়সী ছোট ভাইয়ের মরদেহ নিয়ে দাফন করার জন্য তার পরিবারের সদস্যরা মর্গে এসেছিলেন। কিন্তু সেখানে মরদেহ খুঁজে পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘প্রথমে আমাদের একটি কফিন আনতে বলা হয়েছিল। আমরা সেটি কিনে মর্গে নিয়ে আসি। কর্মীরা অন্য পরিবারগুলোকে তাদের স্বজনদের মরদেহ বুঝিয়ে দেওয়ার পর আমার ছোট ভাইয়ের মরদেহ খুঁজতে শুরু করেন। দুর্ভাগ্যবশত, সেটি খুঁজে পাওয়া যায়নি।’
কাসেরেকা জানান, পরে তাদের ইবোলা চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়, যেখানে তার ভাইয়ের মৃত্যু হয়েছিল। সেখানে খোঁজ নিয়ে কর্মীরা জানান, নথি অনুযায়ী মরদেহটি আগেই মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, “আমাদের কাছে যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বলা হয়েছিল, সবই করেছি। কিন্তু এখনো তাকে খুঁজে পাইনি।”
এদিকে, রোজেট সাটোন্ডওয়া নামে আরেক নারী অভিযোগ করেন, তার ভাশুর দুই দিন আগে হাসপাতালে মারা যান। পরিবারের পরিকল্পনা ছিল মঙ্গলবার তাকে দাফন করার। কিন্তু তারা জানতে পারেন, আগের দিনই মরদেহ দাফন করা হয়েছে। তিনি বলেন, “কী ঘটছিল, সে বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি।”
পরে স্বজনের কবর দেখার জন্য পরিবারের সদস্যরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন। এ সময় মৃত ব্যক্তির স্ত্রী ও সন্তানদেরও সঙ্গে নিয়ে যান তারা।
নিখোঁজ ১৯ বছর বয়সী তরুণের আরেক স্বজন রিচার্ড কাসেরেকা মুপান্ডা জানান, সোমবার রেড ক্রসের কর্মীদের সঙ্গে তিনি মর্গে গিয়ে মরদেহ খুঁজেছেন। কিন্তু এখনো সেটির সন্ধান মেলেনি। মর্গে রাখা মরদেহগুলোর পচন শুরু হওয়ায় শনাক্তকরণ আরও কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি।
তার ভাষ্য, ‘মরদেহগুলো পচতে শুরু করেছে। কিছু মরদেহ অন্য পরিবারের সদস্যরা নিয়ে গেছেন, নাকি এখনো ভেতরেই আছে, তা আমরা জানি না।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের শুরু থেকে বেনি শহরেই কঙ্গোর অন্য যেকোনো এলাকার তুলনায় বেশি নতুন ইবোলা সংক্রমণ শনাক্ত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ওই সময়ে দেশজুড়ে শনাক্ত সংক্রমণের প্রায় এক-পঞ্চমাংশই এ শহরের।
গত মে মাসে প্রাদুর্ভাব শুরুর পর থেকে বেনিতে এক হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রায় ৬৫০ জনের মৃত্যু হয়েছে। মরদেহ ব্যবস্থাপনা নিয়ে এমন অভিযোগের কারণে ইবোলা মোকাবিলায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী ও প্রতিষ্ঠানের প্রতি স্থানীয়দের অবিশ্বাস আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমপি/ আরআই