ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

১২ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৫ জমাদিউস সানি ১৪৪৮

স্বাস্থ্যমন্ত্রী

আমরা কাউকে বিনা চিকিৎসায় মরতে দেব না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৫১, ২৬-১১-২০২৬

আমরা কাউকে বিনা চিকিৎসায় মরতে দেব না

ছবি: মেডিকেল পোস্ট

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আমরা কাউকে বিনা চিকিৎসায় মরতে দেব না। সরকার সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এবং হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় ‘জাতীয় হিমোফিলিয়া চিকিৎসা নির্দেশিকা ২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কার্যক্রম ব্যাপক পরিসরে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি হিমোফিলিয়া রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আগামী অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হবে। সম্ভব হলে চলতি অর্থবছরেই সম্পূরক বাজেটের মাধ্যমে এ খাতে বরাদ্দের ব্যবস্থা করা হবে।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, রোগীদের সেবায় দেশের চিকিৎসকরা অত্যন্ত আন্তরিক ও দায়িত্বশীল। চিকিৎসকদের সহযোগিতায় সরকার সব পর্যায়ে সহায়তার হাত প্রসারিত করবে। জাতীয় যেকোনো প্রয়োজনে চিকিৎসকরা সবসময় সাড়া দেন। দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম হলেও সীমিত জনবল নিয়েই তারা নিরলসভাবে মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। এমনকি প্রত্যন্ত অঞ্চলেও চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, বিশ্বদরবারে আমরা প্রমাণ করতে চাই, আমরা পারি এবং পারবো। স্বাস্থ্য খাতে ইতোমধ্যে আমরা অগ্রগতি অর্জন করেছি। দেশের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। আগামী এক বছরের মধ্যে স্বাস্থ্য খাতে কী কী উন্নয়ন করা সম্ভব হয়েছে, তা আমরা দৃশ্যমানভাবে তুলে ধরতে পারবো।

চিকিৎসক ও নার্সের সংকট নিরসনে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার এ সংকট কাটিয়ে উঠতে নিরলসভাবে কাজ করছে। স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত সব পর্যায়ের কর্মীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে। মানুষের কল্যাণ ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা: আমিন লুতফুল কবিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশীদ এবং মহাসচিব ডা: মো. জহিরুল ইসলাম (শাকিল)।

এমপি/ আরআই

আরও পড়ুন