ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

১৫ মাস বয়সী শিশুদের মিলবে টাইফয়েড টিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:২৮, ১৩-০৭-২০২৬ | আপডেট: ৭:৩০, ১৩-০৭-২০২৬

১৫ মাস বয়সী শিশুদের মিলবে টাইফয়েড টিকা

ছবি: মেডিকেল পোস্ট

দেশের শিশুদের টাইফয়েড জ্বরের ঝুঁকি থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা দিতে আগামী ১ আগস্ট থেকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) অন্তর্ভুক্ত করা হচ্ছে। কর্মসূচির আওতায় ১৫ মাস বয়সী সব শিশুকে এ টিকা দেওয়া হবে।

সোমবার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)।

ইপিআইর নির্দেশনা অনুযায়ী, দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে টিসিভি দেওয়া হবে। শিশুর বাম ঊরুর মধ্যভাগের বহিরাংশের মাংসপেশিতে শূন্য দশমিক ৫ মিলিলিটার মাত্রার এক ডোজ টিকা প্রয়োগ করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নিয়মিত টিকাদান সেশনে এমআর-২ টিকার সঙ্গে একই দিনে টিসিভি দেওয়া যাবে।

টিকাদান কার্যক্রম আরও কার্যকর করতে ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ১৫ মাস বয়সী শিশুদের তালিকা প্রস্তুত করবেন এবং ‘ভ্যাকসইপিআই’ অ্যাপের মাধ্যমে তাদের নিবন্ধন নিশ্চিত করবেন।

এ ছাড়া অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে উঠান বৈঠক এবং প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে ইপিআই।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষা আরও জোরদার করতে নিয়মিত টিকাদান কর্মসূচিতে নতুন ও কার্যকর টিকা যুক্ত করার ধারাবাহিকতার অংশ হিসেবে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমপি/ আরআই

আরও পড়ুন