ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮

ঢামেকে মরদেহ রেখে পালালেন দুই যুবক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৪৪, ০৯-১০-২০২৬

ঢামেকে মরদেহ রেখে পালালেন দুই যুবক

ছবি: মেডিকেল পোস্ট

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই যুবক।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে ওই ব্যক্তিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন দুই যুবক। পরে তাকে ট্রলিতে তোলার পর রোগীর টিকিট কাটার কথা বলে সেখান থেকে চলে যান তারা।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত পুলিশ ও কর্মচারীরা জানান, দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ওই দুই যুবককে খুঁজে পাননি ট্রলিম্যান। পরে বিষয়টি মেডিকেল অফিসার ও কর্তব্যরত পুলিশ সদস্যদের জানানো হয়।

এদিকে, মৃত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। পকেটে থাকা একটি মানিব্যাগে ৩০ টাকা ও একটি ছবি পাওয়া গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা দুই যুবকের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তবে মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন