ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

১১ কার্তিক ১৪৩৩, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না, সড়কে প্রাণ গেল মা-ছেলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৪৮, ২৬-১০-২০২৬

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না, সড়কে প্রাণ গেল মা-ছেলের

ছবি: মেডিকেল পোস্ট

অসুস্থ ছোট্ট ছেলেকে ডাক্তার দেখাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে যশোরে গিয়েছিলেন ওমর ফারুক। আশা ছিল চিকিৎসা শেষে ছেলেকে নিয়ে সুস্থভাবে বাড়ি ফিরবেন। কিন্তু সেই ফেরা আর হলো না। পথেই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রী মৌসুমী খাতুন ও শিশু আব্দুর রহমানের। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওমর ফারুক।

গতকাল (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার দোদাড়িয়া মোড়ে মাছবাহী পিকআপ, বালিবাহী ট্রলি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মৌসুমী খাতুন উপজেলার রাজগঞ্জের মানিকগঞ্জ গ্রামের ওমর ফারুকের স্ত্রী। তাদের শিশুসন্তান আব্দুর রহমান অসুস্থ থাকায় তাকে চিকিৎসক দেখাতে মোটরসাইকেলে করে যশোরে গিয়েছিলেন তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, চিকিৎসক দেখিয়ে বাড়ি ফেরার পথে দোদাড়িয়া মোড়ে পৌঁছালে যশোরগামী একটি দ্রুতগতির মাছবাহী পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় একটি বালিবাহী ট্রলি তাদের চাপা দেয়।

স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায় শিশু আব্দুর রহমান ও তার মা মৌসুমী খাতুন। অন্যদিকে, গুরুতর আহত ওমর ফারুক যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

এমপি/ আরআই

আরও পড়ুন