ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশ, রেস্তোরাঁকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:১৩, ৩০-১০-২০২৬

বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশ, রেস্তোরাঁকে জরিমানা

ছবি: মেডিকেল পোস্ট

বাসি খাবার, দুর্গন্ধযুক্ত উপকরণ ও অস্বাস্থ্যকরভাবে কাঁচা মাছ-মাংস সংরক্ষণের দায়ে চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পাউরুটি দিয়ে খাবার তৈরি, পোড়া তেল ব্যবহার ও মাছ বিক্রিতে প্রতারণার অপরাধে আরও চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় ও মেট্রোপলিটন পুলিশের একটি দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে সবচেয়ে বেশি জরিমানা করা হয় ‘সাম’স’ নামের একটি রেস্তোরাঁকে। প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ ও দুর্গন্ধযুক্ত বিভিন্ন উপকরণ দিয়ে খাবার তৈরি, রান্না করা বাসি খাবারের সঙ্গে কাঁচা মাছ-মাংস একই ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ এবং খাবার তৈরির জন্য মেয়াদোত্তীর্ণ পাউরুটি মজুত রাখার প্রমাণ পাওয়ায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পাউরুটি দিয়ে বার্গার তৈরি এবং কয়েক দিন ধরে ব্যবহৃত পোড়া তেল দিয়ে খাবার তৈরির অপরাধে সিপি ফাইভ স্টার নামের একটি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, দেশি মাগুর মাছের সঙ্গে চাষের শিং মাছ মিশিয়ে বিক্রি এবং চাষের শিং মাছ দেশি মাছ বলে বিক্রির অপরাধে খালেকের মাছের দোকান ও আনোয়ার ফিশকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ এবং সহকারী পরিচালক মাহমুদা আক্তার ও রানা দেবনাথ। অভিযানে পুলিশের একটি দলও অংশ নেয়।

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না করার বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এমপি/ আরআই

আরও পড়ুন