ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:১৯, ৩০-১০-২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: মেডিকেল পোস্ট

মানিকগঞ্জের ঘিওর ও সিংগাইরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ, পুরাতন তেল ব্যবহার এবং বাসি খাবার পরিবেশনের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল (২৯ অক্টোবর) দুপুরে ঘিওর বাজারে এবং বিকেলে সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এদিকে, ঘিওর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলাম। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের দায়ে তিনটি মিষ্টির দোকানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে জিতেন নামের এক দোকানিকে ৫ হাজার, মো. শহীদুল ইসলামকে ৮ হাজার এবং অপর এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবীর। এ সময় পুরাতন তেল ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির দায়ে মায়ের দোয়া হোটেলকে ৫ হাজার এবং হাজী নূর হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদেরকে এ জরিমানা করা হয়।

ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলাম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যপণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবীর বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে পুরাতন তেল ব্যবহার ও বাসি খাবার সংরক্ষণ এবং পরিবেশনের দায়ে দুটি হোটেলকে জরিমানা করা হয়েছে। এ সময় হোটেল মালিকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমপি/ আরআই

আরও পড়ুন