ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

অসুস্থদের স্বাস্থ্যবিমায় ট্রাম্পের বিধি আটকাল আদালত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:২৫, ৩০-১০-২০২৬

অসুস্থদের স্বাস্থ্যবিমায় ট্রাম্পের বিধি আটকাল আদালত

ছবি: মেডিকেল পোস্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নেওয়া মেডিকেইড কর্মশর্তসংক্রান্ত একটি বিধির প্রয়োগ আটকে দিয়েছেন দেশটির এক ফেডারেল বিচারক। গুরুতর স্বাস্থ্যগত সমস্যায় থাকা ব্যক্তিদের কর্মশর্ত থেকে অব্যাহতি পাওয়ার সুযোগ সীমিত করার বিধানের বিরুদ্ধে ২৫টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার করা মামলায় এ আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বোস্টনে যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক রিচার্ড স্টিয়ার্নস এ আদেশ দেন। তিনি বলেন, মেডিকেইড কর্মসূচি পরিচালনাকারী সংস্থা সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস (সিএমএস) ‘চিকিৎসাগতভাবে ভঙ্গুর’ ব্যক্তিদের সংজ্ঞা বেআইনিভাবে সীমিত করেছে।

মেডিকেইড হলো নিম্ন আয়ের মার্কিন নাগরিকদের জন্য সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি। এতে কেন্দ্রীয় ও অঙ্গরাজ্য সরকার যৌথভাবে অর্থায়ন করে।

ট্রাম্পের গত বছর স্বাক্ষরিত কর ও ব্যয়সংক্রান্ত আইন অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে মেডিকেইড সুবিধা পেতে ১৯ থেকে ৬৪ বছর বয়সী অধিকাংশ প্রাপ্তবয়স্ককে প্রতি মাসে অন্তত ৮০ ঘণ্টা কাজ বা কমিউনিটিভিত্তিক কার্যক্রমে অংশ নিতে হবে। বিকল্প হিসেবে অন্তত অর্ধসময়ের শিক্ষাকার্যক্রমে যুক্ত থাকার সুযোগও রয়েছে। তবে নির্দিষ্ট কিছু শ্রেণির মানুষের জন্য এ শর্ত থেকে অব্যাহতির বিধান রাখা হয়েছে।

চলতি বছরের জুনে সিএমএস কর্মশর্ত বাস্তবায়নে অঙ্গরাজ্যগুলোর জন্য নির্দেশনা জারি করে। এতে গুরুতর স্বাস্থ্যগত সমস্যা বা বিশেষ চিকিৎসার প্রয়োজন রয়েছে—এমন ব্যক্তিদের অব্যাহতির বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। তবে সংস্থাটির বিধিতে বলা হয়, শারীরিক, মানসিক বা আচরণগত স্বাস্থ্যগত সমস্যা কর্মশর্ত পূরণে উল্লেখযোগ্য বাধা সৃষ্টি করলেই কেবল কেউ এ ছাড় পাবেন।

বিচারক স্টিয়ার্নস বলেন, এ ধরনের বেআইনি সংজ্ঞার প্রয়োগে স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা বজায় রাখতে মেডিকেইডের ওপর নির্ভরশীল যোগ্য ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা স্বাস্থ্যবিমার আওতা থেকে বাদ পড়তে পারেন। এতে তাদের গুরুতর ভোগান্তির আশঙ্কা রয়েছে।

মামলাটিতে ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস ও নিউ জার্সিসহ ডেমোক্র্যাট নেতৃত্বাধীন অঙ্গরাজ্যগুলো অংশ নেয়। বিচারক বিধির সংশ্লিষ্ট অংশটি বাতিল করলেও অঙ্গরাজ্যগুলোর চ্যালেঞ্জ করা অন্যান্য কিছু বিধান বহাল রেখেছেন।

এ বিষয়ে সিএমএস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন