ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

ভুয়া চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৩৭, ৩০-১০-২০২৬

ভুয়া চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ছবি: মেডিকেল পোস্ট

বরিশালের বাবুগঞ্জে ছদ্মবেশে রোগী সেজে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসক ও একটি অবৈধ ডায়াগনস্টিক সেন্টারকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

গতকাল (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার মাধবপাশা বাজার এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।

অভিযান-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাসলিমা আক্তার আন্নি নামে এক নারী এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়াই দীর্ঘদিন ধরে মা ও শিশুদের বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছিলেন। বিষয়টি যাচাই করতে এনএসআই সদস্যরা ছদ্মবেশে রোগী সেজে তার চেম্বারে যান। এ সময় তার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধও পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া একই এলাকার পল্লবী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রয়োজনীয় সনদ ও প্যাথলজিস্ট ছাড়াই পরীক্ষা-নিরীক্ষা ও প্রতিবেদন দেওয়ার প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি পরীক্ষাগারে যথাযথ পরিবেশ না থাকার অভিযোগও পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. সাব্বির সরদারকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, ডায়াগনস্টিক সেন্টারটির কার্যক্রম দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছিলেন এনএসআই সদস্যরা। পরে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এনএসআই সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরিশাল বিমানবন্দর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও আসমা উল হুসনা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমপি/ আরআই

আরও পড়ুন