ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

২১ কার্তিক ১৪৩৩, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

হামের টিকার অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৪৭, ০৫-১১-২০২৬

হামের টিকার অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

ছবি: মেডিকেল পোস্ট

হামের টিকা সংগ্রহ ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের আমলে এ ঘটনায় দায়-দায়িত্ব নির্ধারণ করবে কমিশন।

গতকাল (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কমিশনের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমান। অন্য দুই সদস্য হলেন—বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর সৃষ্ট বিরূপ প্রভাবের অভিযোগ তদন্তে এ কমিশন গঠন করা হয়েছে।

কমিশনের কার্যপরিধিতে রয়েছে, হামের টিকা কেনা ও বিতরণে সময়ক্ষেপণ, অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার কারণ অনুসন্ধান এবং সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব চিহ্নিত করা। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে সুপারিশ দেবে কমিশন। এ বিষয়ে কমিশনের বিবেচনায় অন্য কোনো সুপারিশ থাকলে তা-ও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।

কমিশনের তদন্ত কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সচিবিক সহায়তা দেবে স্বাস্থ্যসেবা বিভাগ। এ ছাড়া কমিশনের চাহিদা অনুযায়ী তদন্তের ব্যয় নির্বাহ ও প্রয়োজনীয় জনবল সরবরাহ করবে বিভাগটি।

এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। সংক্রামক এ রোগে আক্রান্ত হয়ে বিশেষ করে শিশুদের মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন