ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

২০ কার্তিক ১৪৩৩, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

মোহাম্মদপুরে হাসপাতালে হামলার ঘটনায় ড্যাবের নিন্দা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:১৮, ০৪-১১-২০২৬

মোহাম্মদপুরে হাসপাতালে হামলার ঘটনায় ড্যাবের নিন্দা

ছবি: মেডিকেল পোস্ট

রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে দুর্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৪ নভেম্বর) ড্যাবের দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা: এরফান আহমেদ সোহেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ নভেম্বর মঙ্গলবার রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত মোহাম্মদপুরের সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালায়। এর আগে আসামা নামের এক রোগীর চিকিৎসা বিলে কিছু ছাড় দেওয়ার অনুরোধ করেন তার স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ কিছুটা ছাড় দিতে রাজি হলেও এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরবর্তী সময়ে ওই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালটিতে হামলা চালানো হয়। এতে হাসপাতালের আসবাবপত্র ও চিকিৎসাসামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশীদ ও সম্মানিত মহাসচিব ডা: মো. জাহিদুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে বলেন, চিকিৎসক ও চিকিৎসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা বিঘ্নিত হলে রোগীদের মানসম্মত ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা প্রদান বাধাগ্রস্ত হবে।

বিবৃতিতে ড্যাব নেতারা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীকে শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে দেশের সব হাসপাতাল ও স্বাস্থ্যপ্রতিষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এমপি/ আরআই

আরও পড়ুন