ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

২১ কার্তিক ১৪৩৩, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

কালকিনিতে চার নার্সের বদলি প্রত্যাহারের দাবি এনএনএফের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:২০, ০৫-১১-২০২৬

কালকিনিতে চার নার্সের বদলি প্রত্যাহারের দাবি এনএনএফের

ছবি: মেডিকেল পোস্ট

মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইন সংকটের ঘটনায় চার নার্সিং কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে ন্যাশনাল নার্সেস ফোরাম (এনএনএফ)। সংগঠনটির দাবি, স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের সরবরাহ ঘাটতির মতো প্রশাসনিক সমস্যার দায় নার্সদের ওপর চাপিয়ে এ বদলির আদেশ দেওয়া হয়েছে, যা অন্যায় ও শাস্তিমূলক।

গতকাল (৪ নভেম্বর) এনএনএফের আহ্বায়ক ড. মো. ইউনুস আলী ও সদস্যসচিব আমিনুল ইসলাম (মামুন) স্বাক্ষরিত এক নিন্দা ও প্রতিবাদলিপিতে এ দাবি জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আকস্মিকভাবে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় রোগী ও স্বজনদের মৌখিক অভিযোগের ভিত্তিতে হাসপাতালে সরবরাহ করা স্যালাইন না পাওয়ার ঘটনায় দায়িত্ব পালনকারী চার নার্সিং কর্মকর্তাকে বদলি করা হয়। কোনো ধরনের তদন্ত বা কৈফিয়ত তলব ছাড়াই এ সিদ্ধান্ত নেওয়াকে অযৌক্তিক বলে উল্লেখ করেছে সংগঠনটি।

এনএনএফের দাবি, স্যালাইন, ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ক্রয়, সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত করা নার্সদের দায়িত্ব নয়। এটি সংশ্লিষ্ট প্রশাসন ও সরবরাহ ব্যবস্থাপনার দায়িত্ব। এ ছাড়া রোগী, স্বজন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীদের সামনে অসম্মানজনক বক্তব্য দিয়ে নার্সদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, দেশের হাসপাতালগুলোতে ধারণক্ষমতার তুলনায় রোগীর চাপ অনেক বেশি। পর্যাপ্ত শয্যা না থাকায় অনেক রোগীকে শয্যার বাইরে রেখেই চিকিৎসা দিতে হচ্ছে। পাশাপাশি প্রয়োজনের তুলনায় নার্স, চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যাও অপ্রতুল। এমন প্রতিকূল পরিস্থিতিতেও নার্সরা দিনরাত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।

এ ঘটনায় ছয় দফা দাবি জানিয়েছে এনএনএফ। দাবিগুলোর মধ্যে রয়েছে—বদলিকৃত চার নার্সের আদেশ অবিলম্বে প্রত্যাহার; স্যালাইন ও ওষুধের সরবরাহ ঘাটতির প্রকৃত কারণ অনুসন্ধান; সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করা; নার্সদের হয়রানি ও শাস্তিমূলক বদলি বন্ধ; হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা ও চিকিৎসাসামগ্রী সরবরাহ এবং রোগীর অনুপাতে নার্স; চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ ও পদায়ন।

বিবৃতিতে এনএনএফ জানায়, হাসপাতাল ব্যবস্থাপনার ব্যর্থতার দায় নার্সদের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে বদলির আদেশ প্রত্যাহার করে ন্যায়বিচার নিশ্চিত করা না হলে নার্সদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে সংগঠনটি।

এনএনএফের আহ্বায়ক ড. মো. ইউনুস আলী ও সদস্যসচিব আমিনুল ইসলাম (মামুন) বলেন, ‘নার্সরা কোনো সরবরাহকারী প্রতিষ্ঠান নন; তারা স্বাস্থ্যসেবার অগ্রভাগের পেশাজীবী। প্রয়োজনীয় উপকরণ ও জনবল নিশ্চিত না করে তাদের কাছ থেকে সর্বোচ্চ সেবা প্রত্যাশা করা এবং ব্যর্থতার দায় তাদের ওপর চাপিয়ে শাস্তি দেওয়া গ্রহণযোগ্য হতে পারে না।’

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন