ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

২০ কার্তিক ১৪৩৩, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৩ হোটেলকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৫৫, ০৪-১১-২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৩ হোটেলকে জরিমানা

ছবি: মেডিকেল পোস্ট

অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং প্রস্তুতস্থলে তেলাপোকার উপস্থিতি পাওয়ায় মানিকগঞ্জ বাজারের তিনটি হোটেলকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযান সূত্রে জানা গেছে, বাজারের বিভিন্ন হোটেল ও মিষ্টির দোকানে খাবারের মান, প্রস্তুতপ্রক্রিয়া এবং সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করা হয়। এ সময় তিনটি প্রতিষ্ঠানের খাবার তৈরির স্থানেই তেলাপোকার উপস্থিতি দেখতে পান অভিযান পরিচালনাকারীরা। পাশাপাশি খাবার প্রস্তুত ও সংরক্ষণের স্থানগুলো ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর। এমন পরিবেশেই মিষ্টিসহ বিভিন্ন খাবার তৈরি ও বিক্রির প্রস্তুতি চলছিল।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে আল আমিন সুইটস অ্যান্ড হোটেলকে ১০ হাজার টাকা, পলাশ মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা এবং মিষ্টি মুখ হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আগামী তিন দিন খাবার বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা বেগম ও ব্যাটালিয়ন সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিসহ বিভিন্ন খাবার প্রস্তুতের দায়ে মানিকগঞ্জ বাজারের তিনটি হোটেলকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এমপি/ আরআই

আরও পড়ুন