ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৭ জমাদিউস সানি ১৪৪৮

আগুনে পুড়ল ঘর, অনিশ্চয়তায় মরিয়মের চিকিৎসক হওয়ার স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:০৪, ১৮-১১-২০২৬

আগুনে পুড়ল ঘর, অনিশ্চয়তায় মরিয়মের চিকিৎসক হওয়ার স্বপ্ন

ছবি: মেডিকেল পোস্ট

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মরিয়মদের ঘর। আসবাবপত্র, বই-খাতা থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছু হারিয়েছে তার পরিবার। এর মধ্যেই বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মরিয়মের বার্ষিক পরীক্ষা। ঘর হারানোর শোক আর অনিশ্চয়তার মধ্যেও বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সে। তবে পরিবারের আর্থিক অবস্থার কথা ভেবে সেই স্বপ্ন পূরণ নিয়ে শঙ্কিত মরিয়ম।

বুধবার (১৮ নভেম্বর) সকালে মরিয়ম যখন স্কুলে ছিল, তখন এক বান্ধবীর মায়ের ফোনে জানতে পারে, তাদের বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়েই বাড়ির দিকে ছুটে যায় সে। কিন্তু আগুনের কারণে ঘরে ঢুকতে পারেনি। পরে নিজের চোখেই দেখে, পুড়ে গেছে তাদের সবকিছু।

মরিয়ম মহাখালী মডেল হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ঘরের শোকেস, টেলিভিশন, র‍্যাক, ড্রাম, বই-খাতা—কিছুই অবশিষ্ট নেই। কয়েক দিন আগে তার ভাইয়ের জন্য ৫০ হাজার টাকা দিয়ে একটি কম্পিউটার কেনা হয়েছিল। সেটিও পুড়ে গেছে। এখন মরিয়মের কাছে অবশিষ্ট আছে শুধু স্কুলের পোশাক আর ব্যাগ।

মরিয়ম বলেন, ‘আমি স্কুলে ছিলাম। আমার এক বান্ধবীর মা ফোন দিয়ে বলল, আমাদের বাসায় আগুন লেগেছে। আমি দৌড়ে বাসায় আসি। কিন্তু ভেতরে ঢুকতে পারিনি। এসে দেখি, সব পুড়ে গেছে।’

আগামীকাল থেকে তাদের স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। স্কুলব্যাগে থাকায় প্রবেশপত্রসহ কিছু প্রয়োজনীয় কাগজপত্র রক্ষা পেয়েছে। তবে এমন পরিস্থিতিতে পড়াশোনা কীভাবে চালিয়ে যাবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে সে।

মরিয়মের মা ফেরদৌসী বেগম জানান, তারা প্রায় ১০ বছর ধরে মহাখালীর সাততলা বস্তির একটি ঘরে বসবাস করছেন। তার স্বামী ব্যবসা করেন, আর তিনি পোশাক কারখানায় কাজ করেন। সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র ধীরে ধীরে সংগ্রহ করেছিলেন। কিন্তু আগুনে সব হারিয়ে এখন কোথায় থাকবেন, তা নিয়েই অনিশ্চয়তায় পড়েছেন তারা।

ফেরদৌসী বেগম বলেন, ‘আমরা ১০ বছর ধরে এই জায়গায় থাকি, এক বাসায়ই ১০ বছর ধরে। এখন কোথাও তো কিছু করতে পারছি না। এখন আল্লাহ যেখানে রাখে, সেখানেই থাকতে হবে। থাকার কোনো ব্যবস্থা আছে কি না, তাও জানি না। সবকিছু পুড়ে গেছে, কিছুই বের করতে পারিনি।’

তিনি জানান, ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল মিলিয়ে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার সম্পদ ছিল। আগুনে সব পুড়ে যাওয়ায় নতুন করে সংসার গোছানো নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা।

এত কিছুর মধ্যেও বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে মরিয়ম। কিন্তু পরিবারের আর্থিক অবস্থার কথা ভেবে সেই স্বপ্ন পূরণ হবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছে সে।

মরিয়ম বলে, ‘ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, কিন্তু মনে হয় না হতে পারব। আসলে দারিদ্র্যের কারণে মানুষের অনেক শখ পূরণ করতে পারে না।’

এর আগে, সকাল ৯টা ৪০ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সংস্থাটির আটটি ইউনিট। এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে বস্তির শতাধিক পরিবারের কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন