শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪০, ১৮-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বুধবার (১৮ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে পৃথক তিনটি স্থানে অগ্নিসংযোগের ঘটনায় তিনটি বাস ও দুটি লেগুনা পুড়ে গেছে। এর মধ্যে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় শহিদুল আলমের দুটি বাস রয়েছে।
জানা গেছে, বাস দুটি মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানির অধীনে চলাচল করত। বুধবার রাতে বাস দুটি গোলাকান্দাইল ইউনিয়নের হাইওয়ে সড়কে আব্দুর রশিদ মার্কেটের পাশে মেঘলা বাস ডিপোর সামনে রাখা ছিল। রাত সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলে আসা কয়েকজন সেগুলোতে আগুন ধরিয়ে দেয়।
বাসের স্টাফ মো. আলম জানান, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন ছড়িয়ে পড়লে তিনি প্রাণভয়ে সেখান থেকে সরে যান। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটির ভেতরের অংশ পুড়ে যায়। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
বাসমালিক শহিদুল আলম বলেন, বাস দুটি থেকে পাওয়া ভাড়ার টাকা দিয়েই তিনি অসুস্থ স্ত্রীর ডায়ালাইসিসের খরচ চালাতেন। এখন বাস পুড়ে যাওয়ায় স্ত্রীর চিকিৎসার খরচ কীভাবে জোগাড় করবেন, তা নিয়ে চিন্তিত তিনি।
এদিকে একই রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয়। বুধবার ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। বাসটি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের যাতায়াতের কাজে ব্যবহৃত হতো। আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের চাঁদমারী এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি লেগুনায়ও আগুন দেওয়া হয়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রঞ্জু জানান, গোলাকান্দাইল এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. জুলহাস জানান, সানারপাড়ে বাসে আগুন দেওয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত করছে।
এমপি/ আরআই