শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৯, ১৮-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গত ৫ নভেম্বর নওগাঁ শহরের বেসরকারি বলাকা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি মেয়ে নবজাতকের জন্ম হয়। তবে আগের আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে যমজ সন্তানের কথা উল্লেখ থাকায় স্বজনদের দাবি ছিল, তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান হওয়ার কথা। কিন্তু তাদের হাতে একটি শিশুই তুলে দেওয়া হয়। এ ঘটনায় নবজাতকের বাবা শান্ত ইসলাম থানায় মামলা করেন।
ঘটনাটি নিয়ে দেশজুড়ে আলোচনা তৈরি হলে জেলা সিভিল সার্জন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। নওগাঁ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) ডা: মো. শরীফ চৌধুরীর নেতৃত্বে কমিটি সংশ্লিষ্ট চিকিৎসক, অপারেশন টিমের সদস্য, রোগীর স্বজন ও আল্ট্রাসনোলজিস্টদের বক্তব্য এবং বিভিন্ন রিপোর্ট ও ছবি পর্যালোচনা করে। গত ১৪ নভেম্বর কমিটি সিভিল সার্জনের কাছে প্রতিবেদন জমা দেয়।
প্রতিবেদনে বলা হয়, আল্ট্রাসনোগ্রামের একাধিক রিপোর্টে ভিন্ন তথ্য থাকলেও অপারেশনের আগে রোগী ও স্বজনদের যথাযথ কাউন্সেলিং করা হয়নি। একটি রিপোর্টে একক সন্তান এবং অন্য দুটি রিপোর্টে যমজ সন্তানের কথা উল্লেখ ছিল। বিষয়টি তাদের পরিষ্কারভাবে ব্যাখ্যা করা প্রয়োজন ছিল।
তদন্ত কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, ২১ অক্টোবরের একটি রিপোর্টে যমজ সন্তানের কথা উল্লেখ করে একটির ওজন ২ কেজি ৩৩১ গ্রাম এবং অপরটির ২ কেজি ৪৮৬ গ্রাম দেখানো হয়। তবে জন্মের পর নবজাতকের ওজন পাওয়া যায় ৩ কেজি ৭০০ গ্রাম। এ ছাড়া আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট প্রদান রেজিস্টারেও যমজ সন্তানের কোনো তথ্য পাওয়া যায়নি। সরবরাহ করা রিপোর্টের ছবিতেও একই সঙ্গে দুটি শিশুর মাথা, হৃৎপিণ্ড বা পেটের উপস্থিতির প্রমাণ মেলেনি।
এদিকে, গত ১২ নভেম্বর বগুড়ার আদমদীঘি থেকে ৭-৮ দিনের একটি ছেলে নবজাতকসহ মলিনা নামে এক নারীকে আটক করে পুলিশ। ওই নারী শিশুটিকে দত্তক নেওয়ার দাবি করলেও সেটি বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ বলে অভিযোগ করা নবজাতক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বগুড়ার আলবারাকা জেনারেল হাসপাতালের পরিচালক মো. বিপুল জানান, ৫ নভেম্বর তার প্রতিষ্ঠানে একটি ছেলে শিশু জন্ম নেয়। তবে শিশুটিকে দত্তক দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না।
বলাকা ক্লিনিকের মালিক এনামুল হক দাবি করেছেন, তাদের ক্লিনিকে অপারেশন থিয়েটার ভাড়া দেওয়া হয়েছিল এবং সেখানে একটি শিশুই জন্ম নেয়। ক্লিনিকের সুনাম ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, বগুড়া থেকে উদ্ধার হওয়া নবজাতকটি নিখোঁজ শিশু কি না, তা এখনো নিশ্চিত নয়। শিশুটির পরিচয় নিশ্চিত করতে আদালতে ডিএনএ পরীক্ষার আবেদন করা হয়েছে।
এমপি/ আরআই