ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৭ জমাদিউস সানি ১৪৪৮

নারীদের ক্যান্সার প্রতিরোধে বিএমইউতে আন্তর্জাতিক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:০২, ১৮-১১-২০২৬

নারীদের ক্যান্সার প্রতিরোধে বিএমইউতে আন্তর্জাতিক কর্মশালা

ছবি: মেডিকেল পোস্ট

জরায়ুমুখ, জরায়ু ও ডিম্বাশয়ের ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসাপদ্ধতি নিয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, এইচপিভি টিকাদান, নিয়মিত স্ক্রিনিং ও দ্রুত রোগ শনাক্তকরণের ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিলন হলে ‘প্রিভেন্টিভ অনকোলজি ওয়ার্কশপ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

ভারতের কটকের আচার্য হরিহর পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ক্যান্সারের গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ভাগ্যলক্ষ্মী নায়কের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অনকোলজি ক্লাব বাংলাদেশের সভাপতি অধ্যাপক এম এ হাই। সম্মানিত অতিথি ছিলেন ওজিএসবির সভাপতি অধ্যাপক ফিরোজা বেগম।

কর্মশালের বিভিন্ন অধিবেশনে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন স্ক্রিনিং নির্দেশনা, হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) টিকাদান এবং ক্যান্সার-পূর্ববর্তী ক্ষতের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। বিশেষজ্ঞরা বয়স ও ঝুঁকিভিত্তিক স্ক্রিনিং এবং প্রাথমিক পর্যায়ে যথাযথ চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন।

এ ছাড়া জরায়ুর এন্ডোমেট্রিয়াল ক্যান্সার প্রতিরোধ, মেনোপজ-পরবর্তী রক্তক্ষরণের মূল্যায়ন এবং ডিম্বাশয়ের ক্যান্সারে জেনেটিক পরীক্ষার ভূমিকা নিয়েও আলোচনা করেন বিশেষজ্ঞরা। তারা জানান, সাধারণ জনগোষ্ঠীর জন্য ডিম্বাশয়ের ক্যান্সারের কার্যকর নিয়মিত স্ক্রিনিং পদ্ধতি প্রতিষ্ঠিত না হলেও উচ্চঝুঁকিতে থাকা নারীদের জেনেটিক কাউন্সেলিং, উপযুক্ত পরীক্ষা ও ঝুঁকি কমানোর ব্যবস্থা গুরুত্বপূর্ণ। পাশাপাশি ভালভার ক্যান্সারের পূর্ববর্তী পরিবর্তন শনাক্তকরণ, বায়োপসির আধুনিক পদ্ধতি এবং মোলার প্রেগন্যান্সির পর নিয়মিত ফলোআপের বিষয়েও আলোচনা হয়।

কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল থার্মাল অ্যাবলেশন, লুপ ইলেকট্রোসার্জিক্যাল এক্সিশন প্রসিডিউর, ভায়া ও কলপোস্কোপির ওপর হাতে-কলমে প্রশিক্ষণ। এসব পদ্ধতি জরায়ুমুখের ক্যান্সার-পূর্ববর্তী পরিবর্তন শনাক্ত ও উপযুক্ত ক্ষেত্রে চিকিৎসায় ব্যবহৃত হয়।

আলোচনায় প্রতিরোধযোগ্য ক্যান্সারের বোঝা কমাতে জনসচেতনতা বৃদ্ধি, এইচপিভি টিকাদান কর্মসূচি সম্প্রসারণ, মানসম্মত স্ক্রিনিং, প্রশিক্ষিত জনবল তৈরি এবং দ্রুত রেফারেল ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে বহুবিষয়ক চিকিৎসাব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তারা।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক কর্মশালা চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি ও আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশে নারীদের ক্যান্সার প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ কার্যক্রম জোরদারে ভূমিকা রাখবে।

কর্মশালায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নেন।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন