শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩২, ১৮-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক শেখ গোলাম মাওলা অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপসহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও এএসআই (কোর্ট সহকারী) বেলাল হোসেন অংশ নেন।
দুদক সূত্রে জানা গেছে, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোহা. ফিরোজ জামান জুয়েলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজের ও স্ত্রী জেসমিন রহিমের মালিকানাধীন প্রতিষ্ঠান যায়েদী ট্রেডার্সের অনুকূলে যমুনা ব্যাংকের নিলামে অননুমোদিতভাবে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে হাসপাতাল ও সংশ্লিষ্ট ব্যাংকে অভিযান চালানো হয়।
অভিযানকালে দুদকের এনফোর্সমেন্ট টিম যমুনা ব্যাংকের জেলা শাখা পরিদর্শন করে নিলাম-সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র সংগ্রহ ও পর্যালোচনা করে। এতে দেখা যায়, ঠাকুরগাঁও পৌর শহরের আশ্রমপাড়ায় অবস্থিত যায়েদী ট্রেডার্স ওই নিলামে বিজয়ী হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোহা. ফিরোজ জামান জুয়েলের স্ত্রী জেসমিন রহিম। দুদকের এনফোর্সমেন্ট টিমের প্রাথমিক পর্যবেক্ষণে নিলাম প্রক্রিয়ায় তত্ত্বাবধায়কের প্রভাব বিস্তারের সম্ভাবনা ও স্বার্থের সংঘাতের বিষয়টি উঠে এসেছে।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোহা. ফিরোজ জামান জুয়েল বলেন, অভিযোগগুলো সত্য নয়। হাসপাতালের পক্ষ থেকে সব কাগজপত্র দেওয়া হয়েছে। এ বিষয়ে আগে সরকারি পর্যায়ে তদন্ত হয়েছে। অনেকেই অভিযোগ করেছিলেন। তবে তদন্তে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। দুদক আবারও তদন্ত করছে। তাদের কাছেও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি।
দুদকের উপপরিচালক শেখ গোলাম মাওলা বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়েছে। এ সময় সংশ্লিষ্ট ব্যাংক থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। এসব নথি ও তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে। পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন।
এমপি/ আরআই