ঢাকা, রোববার, ২৯ নভেম্বর ২০২৬

১৫ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৮ জমাদিউস সানি ১৪৪৮

নাইট্যাগের সভাপতি হলেন অধ্যাপক আবিদ হোসেন মোল্লা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৪৮, ২৯-১১-২০২৬

নাইট্যাগের সভাপতি হলেন অধ্যাপক আবিদ হোসেন মোল্লা

ছবি: মেডিকেল পোস্ট

টিকাবিষয়ক নীতি নির্ধারণী কমিটি ন্যাশনাল ইম্যুনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপের (নাইট্যাগ) নতুন সভাপতি হয়েছেন প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ ও চিকিৎসা শিক্ষাবিদ অধ্যাপক ডা: আবিদ হোসেন মোল্লা। তাকে সভাপতি করে নতুন করে কমিটি গঠন করেছে সরকার।

সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাইট্যাগ জাতীয় টিকা নীতি তৈরি করবে। পাশাপাশি টিকা প্রযুক্তির গবেষণা, ইপিআইতে নতুন টিকা সংযোজন এবং ইপিআইসহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানকে পরামর্শ দেবে নাইট্যাগ।

এদিকে, নতুন কমিটিতে মোট ২১ জন সদস্য রয়েছেন। কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উপপরিচালক ডা: মোহাম্মদ সাব্বির হায়দার। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সাতটি দপ্তরের প্রতিনিধি পদাধিকারবলে এই কমিটির সদস্য। একই সঙ্গে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার–১ মো. মহিউদ্দিন আল হেলালকে কমিটির সদস্য করা হয়েছে।

পাশাপাশি কমিটিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওজিএসবি প্রতিনিধি, আইসিডিডিআরবির বিজ্ঞানী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিনিধিসহ টিকা, পুষ্টি ও স্বাস্থ্য অর্থনীতি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক আবিদ হোসেন মোল্লা বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান। এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শিশু বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি মেডিকেল শিক্ষার্থীদের জনপ্রিয় বই ‘স্টেপস অন পেডিয়াট্রিক্স’-এর লেখক।

এমপি/ আরআই

আরও পড়ুন