ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

১৩ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৬ জমাদিউস সানি ১৪৪৮

ইউরোপে বার্ড ফ্লুর সংক্রমণ কম, স্বস্তিতে পোলট্রি খাত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:৫৯, ২৭-১১-২০২৬

ইউরোপে বার্ড ফ্লুর সংক্রমণ কম, স্বস্তিতে পোলট্রি খাত

ছবি: মেডিকেল পোস্ট

ইউরোপে বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ ২০২০ সালের পর এখন সবচেয়ে ধীরগতিতে ছড়াচ্ছে। এতে স্বস্তি ফিরেছে ইউরোপের ২৭ বিলিয়ন ইউরোর পোলট্রি শিল্পে। তবে শীত মৌসুমে পরিযায়ী পাখির চলাচল বাড়ার সঙ্গে সঙ্গে ভাইরাসটির সংক্রমণ আবারও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার (২৭ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফ্রান্সের প্রাণিস্বাস্থ্য পর্যবেক্ষণ সংস্থা ইএসএর সংকলিত তথ্য অনুযায়ী, গত ২৩ নভেম্বর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যের খামারগুলোতে বার্ড ফ্লুর ৫১টি প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৩৩০। ২০২০ সালের পর এ সময়ে এটিই সর্বনিম্ন সংক্রমণের রেকর্ড।

যুক্তরাষ্ট্রেও চলতি শরতে সংক্রমণ তুলনামূলক কম রয়েছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পোলট্রি খামার ও বাড়িতে পালিত পাখির মধ্যে ৮৮টি প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়েছে ৬০ লাখ পাখি। গত বছর একই সময়ে ১৭৭টি প্রাদুর্ভাবে আক্রান্ত হয়েছিল ৯৫ লাখ পাখি।

তবে মৌসুমের শুরুতে সংক্রমণ কম থাকলেই পুরো মৌসুম ঝুঁকিমুক্ত থাকবে, এমন নিশ্চয়তা নেই। ২০২০-২১ মৌসুমের শুরুতেও সংক্রমণ কম ছিল। পরে সেটি ইউরোপের দ্বিতীয় ভয়াবহ বার্ড ফ্লু সংকটে রূপ নেয়। ওই সময় ২ কোটি ২০ লাখের বেশি পাখি মারা যায় অথবা সংক্রমণ নিয়ন্ত্রণে নিধন করা হয়।

রাবোব্যাংকের পোলট্রি বিশ্লেষক ন্যান-ডার্ক মুল্ডার বলেন, এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ পূর্বাভাস দেওয়া খুব কঠিন। তাই এবার সংক্রমণ দেরিতে শুরু হয়েছে বলে অন্য বছরের তুলনায় ঝুঁকি কম থাকবে, এমন নিশ্চয়তা নেই।

সাধারণত উত্তর গোলার্ধে শরৎ ও শীতকালে পরিযায়ী বন্য পাখির চলাচলের সঙ্গে বার্ড ফ্লুর সংক্রমণ বাড়ে। বসন্তে তা কমে আসে। তবে সাম্প্রতিক বছরগুলোতে কিছু সংক্রমণ এই স্বাভাবিক সময়সীমার বাইরেও ছড়িয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় পোলট্রি উৎপাদক দেশ পোল্যান্ডে গত সপ্তাহে ছয় মাস পর প্রথমবারের মতো একটি টার্কি খামারে বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত হয়েছে। এ মৌসুমে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, পর্তুগাল, সুইডেন, বুলগেরিয়া ও ইতালিতেও খামারে সংক্রমণের খবর পাওয়া গেছে। ভাইরাসের বিস্তার ঠেকাতে কয়েকটি দেশ খামারের পাখি ঘরের ভেতরে রাখার নির্দেশ দিয়েছে।

ফ্রান্সের বৃহত্তম পোলট্রি উৎপাদনকারী প্রতিষ্ঠান এলডিসির পরিচালক ব্রুনো মুসে বলেন, বার্ড ফ্লু নিয়ে তারা অত্যন্ত সতর্ক রয়েছেন। তবে আপাতত এক-দুই বছর আগের মতো সংকটজনক পরিস্থিতি তৈরি হয়নি।

উল্লেখ্য, গত এক দশকে ইউরোপে বার্ড ফ্লুর কারণে ১০ কোটির বেশি পোলট্রি পাখির মৃত্যু হয়েছে। এ ভাইরাস স্তন্যপায়ী প্রাণী, এমনকি মানুষের মধ্যেও শনাক্ত হওয়ায় এর পরিবর্তিত হয়ে মানুষে মানুষে ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে উদ্বেগ রয়েছে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন