ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

১৩ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৬ জমাদিউস সানি ১৪৪৮

সাতক্ষীরায় মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচারে নতুন মাইলফলক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:২৬, ২৭-১১-২০২৬

সাতক্ষীরায় মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচারে নতুন মাইলফলক

ছবি: মেডিকেল পোস্ট

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন হয়েছে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে। মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করা এ অস্ত্রোপচারে নেতৃত্ব দেন স্পাইন সার্জন ডা: মাহমুদুল হাসান পলাশ। ন্যূনতম কাটাছেঁড়ায় আধুনিক প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে অস্ত্রোপচারটি সম্পন্ন হয়। সাতক্ষীরার কাটিয়া এলাকার ৫৫ বছর বয়সী জেবুননাহারের শরীরে এ অস্ত্রোপচার করা হয়।

রোগীর ছেলে শিবলু জানান, মেরুদণ্ডের সমস্যা নিয়ে তারা বেশ দুশ্চিন্তায় ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথাও ভাবছিলেন। তবে নিজ জেলাতেই আধুনিক পদ্ধতিতে অস্ত্রোপচার হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন।

এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি মেরুদণ্ডের বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত আধুনিক পদ্ধতি। এতে ছোট ছিদ্রের মাধ্যমে বিশেষ ক্যামেরা ও সূক্ষ্ম অস্ত্রোপচার সরঞ্জাম ব্যবহার করা হয়। প্রচলিত বড় অস্ত্রোপচারের তুলনায় এ পদ্ধতিতে কাটাছেঁড়া কম হয়। রোগীর শারীরিক অবস্থা ও রোগের ধরন অনুযায়ী রক্তক্ষরণ, অস্ত্রোপচার-পরবর্তী ব্যথা এবং হাসপাতালে থাকার সময় কম হতে পারে। অনেক ক্ষেত্রে দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার সুযোগও তৈরি হয়।

অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া ডা: মাহমুদুল হাসান পলাশ বর্তমানে খুলনা মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। অর্থোপেডিক্স ও স্পাইন সার্জারিতে দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি জেলায় বেশ কয়েকটি অগ্রণী অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

ডা: পলাশের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে সাতক্ষীরায় প্রথম টোটাল হিপ সার্জারি সম্পন্ন করেন তিনি। এ ছাড়া ফিমারে প্রথম ক্লোজ ইন্টারলকিং নেইলিং, টিবিয়ায় ক্লোজ ইন্টারলকিং এবং প্রথম স্পাইন ফিক্সেশন অস্ত্রোপচারের সঙ্গেও যুক্ত ছিলেন। প্রায় সাত বছর আগে জেলায় প্রথম পিএলআইডি (প্রোল্যাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক) অস্ত্রোপচারও সম্পন্ন করেন তিনি।

এ পর্যন্ত ১ হাজার ২০০টির বেশি স্পাইন সার্জারিসহ ৫ হাজারের বেশি অর্থোপেডিক্স অস্ত্রোপচার করেছেন বলে জানিয়েছেন ডা: পলাশ। পেশাগত দক্ষতা বাড়াতে ভারত, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

তিনি বলেন, সাতক্ষীরাসহ খুলনা বিভাগের মানুষের জন্য মেরুদণ্ড ও অর্থোপেডিক্সের উন্নত চিকিৎসা হাতের নাগালে পৌঁছে দেওয়াই তার লক্ষ্য। জটিল রোগের চিকিৎসার জন্য যেন মানুষকে অযথা দূরে যেতে না হয়, সে লক্ষ্যে কাজ করছেন তিনি। দেশের মাটিতেই আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে বিদেশমুখী চিকিৎসার প্রবণতা কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সাতক্ষীরায় এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির সূচনা জেলা পর্যায়ে বিশেষায়িত চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ ধরনের আধুনিক চিকিৎসা নিয়মিত ও সহজলভ্য হলে সাতক্ষীরাসহ আশপাশের জেলার মেরুদণ্ডের রোগীরা উপকৃত হবেন।

এমপি/ আরআই

আরও পড়ুন