ঢাকা, রোববার, ২৯ নভেম্বর ২০২৬

১৫ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৮ জমাদিউস সানি ১৪৪৮

টাঙ্গাইল মেডিকেলে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:১৪, ২৯-১১-২০২৬

টাঙ্গাইল মেডিকেলে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ছবি: মেডিকেল পোস্ট

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা ও প্রশাসনিক কার্যক্রমে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। হাসপাতালটিতে ১২ কোটি টাকার ক্যাথল্যাবসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি থাকলেও রোগীদের সেবা না দেওয়া এবং পরীক্ষা-নিরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে কলেজের অধ্যক্ষ ডা: মো. হানিফকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গতকাল (২৮ নভেম্বর) দিনব্যাপী হাসপাতালটি পরিদর্শন শেষে এসব অনিয়মের প্রাথমিক তথ্য পাওয়ার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: জাহিদ রায়হান।

পরিদর্শন শেষে তিনি জানান, ১২ কোটি টাকা মূল্যের হার্টের ক্যাথল্যাব থাকা সত্ত্বেও রোগীদের অন্যত্র রেফার করা, এমআরআই ও সিটিস্ক্যান যন্ত্র থাকা সত্ত্বেও পরীক্ষা না করা এবং প্যাথলজি বিভাগে নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুই ভুক্তভোগী লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে দেখা যায়, সরকারি নির্ধারিত ২০ টাকার রক্ত পরীক্ষার জন্য এক রোগীর কাছ থেকে ৯০০ টাকা এবং আরেকজনের কাছ থেকে ৩৫০ টাকা নেওয়া হলেও সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে ২০ টাকা করে।

অধ্যাপক ডা: জাহিদ রায়হান আরও জানান, ওষুধ ও সরঞ্জামের স্টোররুমসহ বিভিন্ন বিভাগে দীর্ঘদিন ধরে অনিয়ম চলে আসছে বলে পরিদর্শনে তথ্য মিলেছে এবং প্রতিটি বিষয় নথিভুক্ত করা হয়েছে। স্টোররুমে ডেন্টাল ও প্যাথলজি বিভাগসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি থাকলেও কর্তৃপক্ষ সেগুলোর সুনির্দিষ্ট নথিপত্র দেখাতে পারেনি; এমনকি অনেক যন্ত্রের প্যাকেটও খোলা হয়নি। এ ছাড়া সরকারি নিয়মবহির্ভূতভাবে একটি আলাদা ওয়েবসাইট পরিচালনার অভিযোগও উঠেছে।

পরিদর্শনকালে আরও জানানো হয়, হাসপাতালের হিসাবরক্ষক ৫ আগস্ট-পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি হওয়ার পর প্রায় ১০ মাস ছুটিতে থেকেও টিএ ও ডিএ (ভ্রমণ ও দৈনিক ভাতা) বিল উত্তোলন করেছেন। এসব অনিয়মে হাসপাতালের পরিচালকের সহযোগিতা ছিল বলেও অভিযোগ ওঠে।

এদিকে, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানোর আগে সাংবাদিকদের সামনে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক। পাশাপাশি হাসপাতালে রাত ৮টা পর্যন্ত সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: আব্দুল কুদ্দুস বলেন, হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন বিভাগে তীব্র জনবল সংকটের কারণে সেবা প্রদানে এসব ত্রুটি ও অনিয়ম হয়েছে।

এমপি/ আরআই

আরও পড়ুন