ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

১৩ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৬ জমাদিউস সানি ১৪৪৮

তিন দেশে এইচআইভি প্রতিরোধী ওষুধের চালান পাঠাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:৪৬, ২৭-১১-২০২৬

তিন দেশে এইচআইভি প্রতিরোধী ওষুধের চালান পাঠাল ভারত

ছবি: মেডিকেল পোস্ট

আফ্রিকার তিন দেশে এইচআইভি প্রতিরোধী ওষুধ লেনাকাপাভিরের জেনেরিক সংস্করণ পাঠানো শুরু করেছে ভারতের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান হেটেরো। প্রাথমিকভাবে জাম্বিয়া, উগান্ডা ও জিম্বাবুয়েতে ৩ লাখ ভায়াল ওষুধ সরবরাহের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

লেনাকাপাভির দীর্ঘমেয়াদি কার্যকারিতার একটি ওষুধ, যা বছরে দুইবার প্রয়োগ করতে হয়। এটি প্রতিদিন খেতে হয় এমন প্রি-এক্সপোজার প্রফিল্যাক্সিস (প্রিইপি) বড়ির বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। ২০২৫ সালে ক্লিনিক্যাল পরীক্ষায় এইচআইভি সংক্রমণ প্রতিরোধে ওষুধটির উচ্চ কার্যকারিতার প্রমাণ পাওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এটিকে এইচআইভি প্রতিরোধের অতিরিক্ত একটি বিকল্প হিসেবে সুপারিশ করে।

এইচআইভি প্রতিরোধী ওষুধটির মূল সংস্করণ তৈরি করে যুক্তরাষ্ট্রের গিলিয়াড সায়েন্সেস। নিম্ন ও মধ্যম আয়ের ১২০টি দেশে ওষুধটির জেনেরিক সংস্করণ তৈরি ও সরবরাহের জন্য হেটেরোসহ ছয়টি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে গিলিয়াড।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) গ্লোবাল ফান্ড জানিয়েছিল, জেনেরিক লেনাকাপাভিরের প্রথম চালান জাম্বিয়ায় পৌঁছেছে। আগামী কয়েক দিনের মধ্যে উগান্ডায় এবং ২০২৭ সালের শুরুর দিকে জিম্বাবুয়েতে ওষুধ সরবরাহের কথা রয়েছে।

গ্লোবাল ফান্ডের তথ্য অনুযায়ী, নভেম্বর পর্যন্ত ১০টি দেশের ১ লাখ ৮৯ হাজারের বেশি মানুষ ওষুধটির প্রথম ডোজ পেয়েছেন। ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালে চার গুণ বেশি লেনাকাপাভির সরবরাহের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। এতে জেনেরিক ওষুধের অংশও বাড়বে।

হেটেরো জানিয়েছে, প্রাথমিক চালানের পর ২০২৭ সালের শুরুর দিকে আফ্রিকার আরও ১০টি দেশে ওষুধটি সরবরাহের পরিকল্পনা রয়েছে তাদের। এ ছাড়া নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আগামী কয়েক মাসের মধ্যে ভারতে ওষুধটি বাজারজাত করতে চায় প্রতিষ্ঠানটি।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন