শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৭, ০৪-০৮-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সম্প্রতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) ও আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশন (আইএফআরসি) যৌথভাবে পরিচালিত এ জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। চলতি বছরের মে-জুন মাসে দেশের ২ হাজার ৭৪৬টি পরিবারের ওপর জরিপটি পরিচালনা করা হয়।
জরিপে অংশ নেওয়া সব পরিবারই আর্থিক সহায়তার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। এর মধ্যে ৩৫ শতাংশ পরিবার ওষুধ, ৩৩ শতাংশ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) এবং ২২ শতাংশ খাদ্য সহায়তাকে সবচেয়ে জরুরি চাহিদা হিসেবে উল্লেখ করেছে। এছাড়া ৪ শতাংশ পরিবার চিকিৎসা ব্যয় মেটাতে সম্পদ বিক্রি করেছে এবং প্রায় ৩ শতাংশ পরিবার অনুদানের ওপর নির্ভর করেছে।
জরিপের উদ্দেশ্য ছিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত ২ হাজার ৪০০টি পরিবারকে জনপ্রতি ১০ হাজার টাকা করে জরুরি নগদ সহায়তার জন্য নির্বাচন এবং হামের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন করা। ঝুঁকির মানদণ্ড অনুযায়ী মূল্যায়নের পর ২ হাজার ৪০০টি পরিবারকে সহায়তার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
জরিপ অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৭৫ শতাংশের বয়স চার বছরের নিচে, ১৯ শতাংশের বয়স ৫ থেকে ১৭ বছর এবং ৬ শতাংশের বয়স ১৮ বছরের বেশি। চিকিৎসা ও সংশ্লিষ্ট খাতে প্রতিটি পরিবারকে গড়ে প্রায় ১৬ হাজার টাকা ব্যয় করতে হয়েছে। দীর্ঘদিন হাসপাতালে অবস্থানের কারণে অনেক অভিভাবক আয় হারিয়েছেন, এমনকি কেউ কেউ চাকরিও হারিয়েছেন।
জরিপে অংশ নেওয়া পরিবারগুলোর ৭৮ শতাংশই অনানুষ্ঠানিক খাতে কর্মরত। তাদের অধিকাংশের মাসিক আয় ৬ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে হওয়ায় দীর্ঘমেয়াদি অসুস্থতা তাদের আর্থিক ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।
বর্তমানে আইএফআরসি ও অংশীদারদের সহযোগিতায় বিডিআরসিএস সরকারের দেশব্যাপী হাম টিকাদান কর্মসূচিতে সহায়তা করছে। পাশাপাশি এক হাজারের বেশি রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধি, টিকাদান কার্যক্রমে সহায়তা এবং মানুষকে দ্রুত চিকিৎসা ও টিকা গ্রহণে উদ্বুদ্ধ করার কাজ করছেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জেনারেল ড. কবির এম. আশরাফ আলম বলেন, এই মূল্যায়নে দেখা গেছে অনেক পরিবার স্বাস্থ্য সংকটের পাশাপাশি গুরুতর আর্থিক সংকটেও পড়েছে। তাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে নগদ সহায়তার পাশাপাশি কমিউনিটিতে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
বাংলাদেশে আইএফআরসির হেড অব ডেলিগেশন আলবার্তো বোকানেগ্রা বলেন, হামের প্রভাব শুধু স্বাস্থ্যগত নয়, এটি অনেক পরিবারকে তীব্র আর্থিক চাপে ফেলছে। তাই জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতিতে মানবিক সহায়তা ও শক্তিশালী সামাজিক সুরক্ষা ব্যবস্থা সমানভাবে প্রয়োজন।
এমপি/ আরআই