ঢাকা, রোববার, ২২ নভেম্বর ২০২৬

৭ অগ্রাহায়ণ ১৪৩৩, ১০ জমাদিউস সানি ১৪৪৮

চিকিৎসকদের বদলি-পদায়নে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:০২, ২০-১১-২০২৬

চিকিৎসকদের বদলি-পদায়নে নতুন নির্দেশনা

ছবি: মেডিকেল পোস্ট

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের চিকিৎসকদের বদলি ও পদায়ন প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে সরকার। অটোমেশন পদ্ধতিতে পদায়ন, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বদলির দায়িত্ব বণ্টন এবং পুনরায় বদলির ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল (১৯ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। গত ৯ নভেম্বর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত বাস্তবায়নে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলায় কর্মরত চিকিৎসকদের আবেদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) এবং জেলায় কর্মরত চিকিৎসকদের আবেদন (প্রযোজ্য ক্ষেত্রে) তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন, পরিচালক বা অধ্যক্ষের মাধ্যমে পাঠাতে হবে।

নির্দেশনা অনুযায়ী, ইউএইচএফপিওসহ সব পর্যায়ের প্রশাসনিক পদে বদলি ও পদায়ন করবে স্বাস্থ্য সেবা বিভাগ। অন্যদিকে, জুনিয়র কনসালটেন্ট ও ষষ্ঠ গ্রেডের কর্মকর্তাদের বদলি বা পদায়ন সম্পন্ন করবে স্বাস্থ্য অধিদপ্তর। সহকারী সার্জন, মেডিকেল অফিসার ও ডেন্টাল সার্জনসহ নবম থেকে সপ্তম গ্রেডের কর্মকর্তাদের নিজ বিভাগের মধ্যে বদলি ও পদায়ন সংশ্লিষ্ট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে সম্পন্ন হবে। তবে এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলির ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব ধরনের বদলি ও পদায়ন পর্যায়ক্রমে অটোমেশন সিস্টেমের মাধ্যমে পরিচালনা করতে হবে। সব পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হবে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে। এ ছাড়া শূন্যপদের বিপরীতেই চিকিৎসকদের বদলি ও পদায়ন করা যাবে। প্রশাসনিক জরুরি প্রয়োজন বা সুনির্দিষ্ট কারণ ছাড়া কোনো পদে যোগদানের দুই বছরের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাকে পুনরায় বদলি করা যাবে না।

এমপি/ আরআই

আরও পড়ুন