শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:৫১, ২০-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
ছয় মাসের বেশি সময় ধরে চলা এ প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৫ হাজার ৫০০ জনের বেশি। ২০১৪ থেকে ২০১৬ সালের পশ্চিম আফ্রিকার ইবোলা প্রাদুর্ভাবের তুলনায় বান্দিবুগিও ভাইরাসটি দ্বিগুণ গতিতে ছড়াচ্ছে। এ ধরনের ভাইরাসের বিরুদ্ধে এখনো অনুমোদিত কোনো চিকিৎসা বা টিকা নেই।
শুক্রবার (২০ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (আফ্রিকা সিডিসি) কর্মকর্তারা জানিয়েছেন, বান্দিবুগিও ভাইরাসে আক্রান্তদের উপসর্গ নিয়ে গবেষণা চলছে। ইবোলা সংক্রমণে সাধারণত জ্বর, বমি, ডায়রিয়া এবং গুরুতর ক্ষেত্রে শরীরের ভেতরে ও বাইরে রক্তক্ষরণ হতে পারে। তবে কঙ্গোর এবারের প্রাদুর্ভাবে নিশ্চিত আক্রান্তদের মাত্র ৫ থেকে ১০ শতাংশের ক্ষেত্রে রক্তক্ষরণ দেখা যাচ্ছে।
আফ্রিকা সিডিসির উপ-ইবোলা ইনসিডেন্ট ম্যানেজার ইয়াপ বুমের মতে, রক্তক্ষরণ তুলনামূলক কম হওয়ায় এ রোগকে ম্যালেরিয়ার মতো সাধারণ অসুস্থতা ভেবে ভুল হতে পারে। এতে প্রাদুর্ভাব শনাক্তে দেরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ ছাড়া অন্যান্য ধরনের ইবোলা শনাক্তে ব্যবহৃত পরীক্ষায় বান্দিবুগিও ভাইরাস ধরা পড়ে না।
এদিকে, রোগী শনাক্ত ও চিকিৎসা পাওয়ার ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ রয়েছে। আক্রান্তদের প্রায় ৭০ শতাংশই হাসপাতালে নয়, নিজ নিজ এলাকায় মারা যাচ্ছেন। ফলে সংক্রমণের প্রকৃত বিস্তার নিরূপণ কঠিন হয়ে পড়ছে।
এ প্রাদুর্ভাবে শিশুরা তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডব্লিউএইচওর ইবোলা ইনসিডেন্ট ম্যানেজার ক্যাথরিন স্মলউড বলেন, ছোট শিশুদের ক্ষেত্রে জ্বরের চেয়ে পরিপাকতন্ত্রের উপসর্গ বেশি দেখা যাচ্ছে। এতে রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত ও চিকিৎসা করা কঠিন হচ্ছে।
কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় ও ডব্লিউএইচওর সর্বশেষ তথ্য অনুযায়ী, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ইবোলায় নিশ্চিত আক্রান্ত হয়েছে ১ হাজার ২০৭ জন। তাদের মধ্যে মারা গেছে ৮৪৪ জন, যা প্রায় ৭০ শতাংশ। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্ত ব্যক্তিরা দ্রুত যথাযথ চিকিৎসা পেলে বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। প্রাদুর্ভাবের শুরুর দিকের কয়েকটি এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে অগ্রগতিও দেখিয়েছে যে রোগীকে আলাদা রাখা ও প্রচলিত সংক্রমণ নিয়ন্ত্রণের ব্যবস্থা কার্যকর হতে পারে।
এদিকে বান্দিবুগিও ভাইরাসের বিরুদ্ধে কোন টিকা ও চিকিৎসা কার্যকর হবে, তা এখনো বড় প্রশ্ন। মার্কের তৈরি এরভেবো টিকা মূলত ইবোলার জাইর ধরন প্রতিরোধে ব্যবহারের জন্য তৈরি। এটি বান্দিবুগিও ভাইরাসের বিরুদ্ধেও সুরক্ষা দিতে পারে কি না, তা নিয়ে পরীক্ষা চলছে। এ ছাড়া বান্দিবুগিওর জন্য বিশেষভাবে তৈরি নতুন টিকার পরীক্ষাও শিগগির শুরু হওয়ার কথা। কঙ্গোতে গিলিয়াড সায়েন্সেস ও ম্যাপ বায়োফার্মাসিউটিক্যালের অ্যান্টিভাইরাল ও চিকিৎসাপদ্ধতি নিয়েও পরীক্ষা চলছে।
আফ্রিকা সিডিসির কর্মকর্তা ইয়াপ বুম বলেন, ‘আমরা যখন শুরু করেছিলাম, তখন বলেছিলাম কোনো টিকা নেই, কোনো চিকিৎসা নেই। যদি আমরা প্রমাণ করতে শুরু করি যে কিছু কার্যকারিতা আছে, তাহলে তা পরিস্থিতি বদলে দিতে পারে।’
এমপি/ আরআই