শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:০৪, ২০-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (১৯ নভেম্বর) বিকেলে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে ‘জলবায়ু, পানি ও স্বাস্থ্য’ শীর্ষক এক আলোচনায় এসব দাবি তুলে ধরা হয়। পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় আলোচনাটির আয়োজন করে আইসিডিডিআর,বি।
আলোচনায় আইসিডিডিআর,বির সহকারী বিজ্ঞানী নোশিন ফারজানা ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশের উপকূলীয় এলাকায় পরিচালিত একটি গবেষণার প্রাথমিক ফলাফল তুলে ধরেন। তিনি জানান, গবেষণার আওতাভুক্ত এলাকার অনেক মানুষ লবণাক্ত পানি পান করতে বাধ্য হচ্ছেন। এতে হৃদ্রোগের বাড়তি ঝুঁকিরও ইঙ্গিত পাওয়া গেছে। পানিতে অতিরিক্ত সোডিয়াম উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় কি না, তা নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন।
আইসিডিডিআর,বির জ্যেষ্ঠ বিজ্ঞানী আলিয়া নাহিদ বলেন, উপকূলীয় এলাকায় কারা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন, তা চিহ্নিত করা জরুরি। অসংক্রামক রোগ প্রতিরোধ ও চিকিৎসায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কী ধরনের সেবা প্রয়োজন, তা নির্ধারণে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনকুল ইসলাম বলেন, ট্রাস্টের কার্যক্রমে স্বাস্থ্য খাতকে আরও গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে লবণাক্ততাপ্রবণ এলাকায় স্বল্প ব্যয়ে নিরাপদ পানি সরবরাহ এবং দুর্গম উপকূলীয় অঞ্চলে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা উন্নয়নে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, উপকূলীয় এলাকায় পরিবারের জন্য নিরাপদ পানি সংগ্রহের দায়িত্ব মূলত নারীদের ওপর পড়ে। তাই জলবায়ু অভিযোজন কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণ ও প্রকল্পে অর্থায়নের সিদ্ধান্ত গ্রহণে উপকূলের নারীদের মতামত নিশ্চিত করতে হবে।
আলোচনার সঞ্চালক ও ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান পানি সংগ্রহের দায়িত্ব নারী-পুরুষের মধ্যে ভাগ করে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি পানি সরবরাহসংক্রান্ত স্থানীয় সিদ্ধান্ত গ্রহণে নারীদের নেতৃত্ব প্রতিষ্ঠায় সহায়তার ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, পরিবারের পানিতে কতটা লবণ রয়েছে, তা জানার সুযোগ নিশ্চিত করতে হবে। পানির পরীক্ষা এবং নিরাপদ পানির জন্য বরাদ্দ অর্থ ব্যয়ের সিদ্ধান্তেও নারী ও স্থানীয় তরুণদের অংশগ্রহণ প্রয়োজন।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের পরিবেশবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক মো. হাফিজুর রহমান বলেন, লবণাক্ততা, জলাবদ্ধতা, অতিরিক্ত তাপমাত্রা ও জমির অবক্ষয় উপকূলীয় এলাকার পানির সরবরাহ এবং কৃষিজীবীদের জীবিকাকে হুমকির মুখে ফেলছে। এ সংকট মোকাবিলায় পানি, কৃষি, স্বাস্থ্য ও স্থানীয় উন্নয়ন নিয়ে কাজ করা সংস্থাগুলোর মধ্যে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জেনেভা কার্যালয়ের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য ইউনিটের কারিগরি কর্মকর্তা অ্যামি স্যাভেজ জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদ দেন। সংস্থাটির যুব পরিষদের সদস্য কাটজা চিচ স্থানীয় জলবায়ু ও স্বাস্থ্যবিষয়ক উদ্যোগে সহায়তা করতে আন্তর্জাতিক যুব সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।
আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্বাস্থ্যব্যবস্থাকে প্রস্তুত করা জরুরি। এ জন্য নিরাপদ পানির নিশ্চয়তা, নিয়মিত পানির গুণগত মান পরীক্ষা, স্থানীয় পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে জলবায়ু অভিযোজনের অর্থায়ন কার্যকরভাবে ব্যবহার করতে হবে।
এমপি/ আরআই