ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮

বাগেরহাটে নারী চিকিৎসককে হেনস্তার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৩৯, ১৩-১০-২০২৬

বাগেরহাটে নারী চিকিৎসককে হেনস্তার অভিযোগ

ছবি: মেডিকেল পোস্ট

বাগেরহাট জেলা হাসপাতালে দায়িত্ব পালনকালে এক নারী চিকিৎসককে গালাগাল ও হেনস্তার অভিযোগ উঠেছে জেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হানিফ হানু ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

গত (১২ অক্টোবর) রাত ১২টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী চিকিৎসক হাসপাতালের সহকারী রেজিস্ট্রার সাকিয়া হক রাতে ফেসবুক লাইভে এসে ঘটনার বর্ণনা দেন।

চিকিৎসক সাকিয়া হকের অভিযোগ, পেটব্যথা নিয়ে হাসপাতালে আসা এক রোগীর শরীরে ক্যানুলা পরাতে প্রথমে ইন্টার্ন চিকিৎসক এবং পরে একজন ওয়ার্ড বয় ব্যর্থ হন। এ সময় রোগীর সঙ্গে আসা ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে তার কক্ষে ঢুকে গালাগাল করেন এবং বারবার মারতে তেড়ে আসেন। পরে হাসপাতালের কর্মী ও অন্য রোগীর স্বজনরা এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ফেসবুক লাইভে সাকিয়া হক বলেন, ‘৮-১০ জন সাঙ্গপাঙ্গ নিয়ে এসে মারমুখি হন। কারণ একটাই, আমাদের ওয়ার্ড বয় ক্যানুলা মিস করেছে।’

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা নতুন নয়। মাঝেমধ্যে অন্য চিকিৎসকদের সঙ্গেও এমন আচরণ করা হয়। এ পরিবেশে চিকিৎসাসেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, ‘এই ঘটনায় আমরা মর্মাহত। কোনো হাসপাতালেই এই পরিবেশ মেনে নেওয়া যায় না।’ তিনি জানান, হাসপাতালে ৫০০-এর বেশি রোগী ভর্তি রয়েছেন। অথচ কর্মরত জনবল অনুমোদিত পদের এক-তৃতীয়াংশ। এমন পরিস্থিতিতেও কর্মীরা সেবা দেওয়ার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, দুপুর পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায়নি।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, ‘এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযোগের বিষয়ে জানতে আবু হানিফ হানুর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

বাগেরহাট জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী বলেন, ‘তুচ্ছ ঘটনায় চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা সত্যিই দুঃখজনক। আমি এ ঘটনার নিন্দা জানাই।’

এমপি/ আরআই

আরও পড়ুন