ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

সিভিল সার্জন কার্যালয়ে তালা, হাসপাতালের সেবা বন্ধের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৫৩, ১২-১০-২০২৬

সিভিল সার্জন কার্যালয়ে তালা, হাসপাতালের সেবা বন্ধের হুঁশিয়ারি

ছবি: মেডিকেল পোস্ট

বান্দরবান সদর হাসপাতালের কর্মচারীদের দুই মাসের বেতন-ভাতা বন্ধ থাকায় সিভিল সার্জন কার্যালয়ে তালা দিয়েছেন হাসপাতালের একদল কর্মচারী। আজকের মধ্যে বেতনের ফাইলে স্বাক্ষর না হলে মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে হাসপাতালের সব সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে এ ঘটনা ঘটে।

কার্যালয়ের একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, সকালে সিভিল সার্জন কার্যালয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কক্ষে কাজ করছিলেন। এ সময় সুভাষ দাশের নেতৃত্বে সদর হাসপাতালের একদল কর্মচারী কার্যালয়ের নারী-পুরুষ নির্বিশেষে সবার কক্ষের দরজায় তালা ঝুলিয়ে দেন। কয়েকজন নারী কর্মচারী তালা খুলে দেওয়ার অনুরোধ জানালে তাদের গালিগালাজ করা হয় বলেও অভিযোগ করেন তারা।

আন্দোলনের নেতৃত্বদানকারী সুভাষ দাশ জানান, গত দুই মাস ধরে তাদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। এ বিষয়ে সহকারী সিভিল সার্জনকে একাধিকবার জানানো হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। কয়েকদিন পর তাদের পূজা। এ অবস্থায় বেতন-বোনাস না পেলে পরিবার নিয়ে পূজার আনন্দ নষ্ট হওয়ার পাশাপাশি অনেককে কষ্টে দিন কাটাতে হচ্ছে।

তিনি বলেন, আজকের মধ্যে সব কর্মচারীর বেতনের ফাইলে স্বাক্ষর না হলে মঙ্গলবার থেকে হাসপাতালের সব সেবা বন্ধ করে দেওয়া হবে।

এ বিষয়ে ডেপুটি সিভিল সার্জন দিলীপ কুমার চৌধুরী বলেন, সিভিল সার্জনের যোগদান ও দাপ্তরিক জটিলতার কারণে তাদের বেতন বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন