ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

স্বল্পমূল্যে ৪২০ হাসপাতালে চিকিৎসাসেবা পাবেন পরিচ্ছন্নতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:২৩, ১২-১০-২০২৬

স্বল্পমূল্যে ৪২০ হাসপাতালে চিকিৎসাসেবা পাবেন পরিচ্ছন্নতাকর্মীরা

ছবি: মেডিকেল পোস্ট

পরিচ্ছন্নতাকর্মীদের স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় ৪২০টি হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যসুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর উত্তর শাহজাহানপুরে ডিএসসিসির ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, নগর পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণ, স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাদের জন্য চার লাখ টাকা করে মৃত্যুজনিত ঝুঁকি ভাতা এবং স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় ৪২০টি হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষাসামগ্রী দেওয়ায় ‘হারপিক’ ও ‘সাজেদা ফাউন্ডেশন’-এর সহযোগিতা প্রশংসনীয়।

নগরবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেক ব্যবসাপ্রতিষ্ঠানকে নিজস্ব ডাস্টবিনে বর্জ্য সংরক্ষণ করতে হবে এবং নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের অংশ পরিচ্ছন্ন রাখতে হবে। যত্রতত্র বর্জ্য ফেলা থেকে বিরত থাকলে নগর পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকিও বহুগুণে কমানো সম্ভব হবে। নাগরিক সেবাসংক্রান্ত যেকোনো অভিযোগ সিটি কর্পোরেশনকে জানালে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সিটি কর্পোরেশনের কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এই ঢাকা শহর আমাদের সবার—আমরা নিজেরা সচেতন হলে এবং নিজেদের অভ্যাসের পরিবর্তন করলে ঢাকা শহরও দ্রুত বদলে যাবে।

ডিএসসিসি জানায়, নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর, পরিবেশবান্ধব ও নান্দনিক করতে বিভিন্ন সময়োপযোগী উদ্যোগ নেওয়া হয়েছে। এসটিএসের সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার পরিবেশের উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে এ উদ্যোগ।

অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা ও স্বাস্থ্যঝুঁকি কমাতে তাদের মধ্যে সেফটি গামবুট, হ্যান্ড গ্লাভস, হেলমেট, সেফটি গগলস, ফার্স্ট এইড বক্স, ওয়ার্নিং কোন, কশন ফ্লোর সাইন এবং হাই-ভিজিবিলিটি ভেস্ট বিতরণ করা হয়। এর আগে ডিএসসিসির উদ্যোগে কলাবাগান, পুরান এলিফ্যান্ট রোডের সবজি বাগান, মালিবাগ ও বুয়েট-সংলগ্ন পালাশী এলাকার এসটিএস আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিচালিত হয়েছে।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন