ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪৫, ১২-১০-২০২৬

নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি: মেডিকেল পোস্ট

নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসক ডা: রথীন্দ্রনাথ মণ্ডলকে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন চিকিৎসক ও ইন্টার্ন শিক্ষার্থীরা। এ সময় হামলায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি এবং চিকিৎসকদের নিরাপত্তায় দ্রুত স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান তারা। প্রতিবাদে এক ঘণ্টা কর্মবিরতিও পালন করেন ইন্টার্ন চিকিৎসকেরা।

সোমবার (১২ অক্টোবর) বেলা দুপুরে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি পালিত হয়। নীলফামারী মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালের আয়োজনে এতে চিকিৎসক ও ইন্টার্ন শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে নীলফামারী মেডিকেল কলেজের অধ্যক্ষ জিম্মা হোসেন বলেন, গতকাল রোববার দুপুরে যে ঘটনাটি ঘটেছে, তা অত্যন্ত ন্যক্কারজনক। রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক ডা: রথীন্দ্রনাথ মণ্ডল একজন ভালো মানুষ। তার সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) দেবব্রত হালদার বলেন, আমরা মানুষের জন্য কাজ করি, মানুষকে চিকিৎসাসেবা দিই। আমাদের ২৫০ শয্যার হাসপাতালে প্রায় ৫০০ রোগীকে চিকিৎসাসেবা দিতে হয়। এত চাপের মধ্যেও আমরা সেবা দিয়ে যাচ্ছি। কোনো কাজ সম্পন্ন করতে সময় লাগতে পারে তাই বলে চিকিৎসকের ওপর হামলা করা যাবে না। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার বিচার চাই।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ চিকিৎসকদের ওপর হামলার সাহস না পায়। পাশাপাশি চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে দ্রুত স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান তারা।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রোববার দুপুরে বেসরকারি মালিকানাধীন অ্যাম্বুলেন্সচালক নাঈম আলট্রাসনোগ্রাফির রিপোর্ট নিতে হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে যান। রিপোর্ট দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে তিনি চিৎকার করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক ডা: রথীন্দ্রনাথ মণ্ডল তাকে বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে চিকিৎসককে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগ করা হয়। চিকিৎসকের চিৎকার শুনে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে নাঈমকে আটক করেন। পরে তাকে নীলফামারী সদর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আব্দুল্লাহ হেল মাফি বলেন, রোগীদের চিকিৎসাসেবা স্বাভাবিক রাখতে শুধু ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি পালন করেন। দুপুর তারা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরে যান।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন