ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

৪ কার্তিক ১৪৩৩, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:১৬, ১৯-১০-২০২৬

ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দুজন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। এ সময়ে সবচেয়ে বেশি ৩৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনা বিভাগে ২৫৩ জন, রাজশাহী বিভাগে ২৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৩১ জন, চট্টগ্রাম বিভাগে ২২০ জন, বরিশাল বিভাগে ১৯২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৪৮ জন, রংপুর বিভাগে ৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন এবং সিলেট বিভাগে ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৩৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ ঢাকা বিভাগে মারা গেছেন ১৬৯ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত আগস্টে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়। সেপ্টেম্বরে প্রাণ হারান ১৪৮ জন। আর অক্টোবরের প্রথম ১৯ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ১০৭ জন।

এমপি/ আরআই

আরও পড়ুন