ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

৪ কার্তিক ১৪৩৩, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

কেনিয়ায় ইবোলায় আক্রান্ত ৮ জন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:২৭, ১৯-১০-২০২৬

কেনিয়ায় ইবোলায় আক্রান্ত ৮ জন

ছবি: মেডিকেল পোস্ট

কেনিয়ায় নতুন করে একজনের শরীরে ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। প্রতিবেশী দেশগুলোতেও ইবোলার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় আঞ্চলিক সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে।

কেনিয়ার স্বাস্থ্য মহাপরিচালক প্যাট্রিক আমোথ সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

তিনি বলেন, ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে একজনের শরীরে ইবোলা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি ৪৯ বছর বয়সী একজন পুরুষ। তিনি স্বাস্থ্যকর্মী নন। তার জ্বর, মাথাব্যথা ও পেশিতে ব্যথা দেখা দিয়েছে।

আমোথ জানান, আক্রান্ত ব্যক্তি হাসপাতালে রোগীর সহকারী হিসেবে কাজ করতেন। তিনি হাসপাতালের বাসনপত্র ও বিছানার চাদর পরিষ্কারের দায়িত্বে ছিলেন। কেনিয়ায় ইবোলায় আক্রান্ত প্রথম ব্যক্তির সংস্পর্শে এসে তিনি সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, কেনিয়ায় প্রথম আক্রান্ত ব্যক্তি গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআর কঙ্গো) থেকে নাইরোবিতে এসেছিলেন। গত ৫ অক্টোবর নাইরোবির একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নতুন আক্রান্ত ব্যক্তির শরীরে গত শনিবার উপসর্গ দেখা দেয়। তাকে অন্যদের থেকে আলাদা করে কোয়ারেন্টাইনে রাখা হয়। রোববার পরীক্ষার ফল পজিটিভ আসে।

দেশটি জানায়, নতুন করে নর্থ উবাঙ্গি প্রদেশে সংক্রমণ ছড়িয়েছে। এর মধ্য দিয়ে দেশটির মোট আটটি প্রদেশে ইবোলার বিস্তার ঘটেছে। আঞ্চলিকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় কেনিয়ায় স্বাস্থ্য নজরদারি জোরদার করা হয়েছে।

এমপি/ আরআই

আরও পড়ুন