শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৭, ২৫-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর কমার্স কলেজের বিপরীতে ক্লিনিকের নিজস্ব ভবনে এ ঘটনা ঘটে। এতে ক্লিনিকের কর্মকর্তা সুরেশ রায় আহত হন। এ ছাড়া ক্লিনিকের রিপোর্ট প্রদানকারী ইকবাল হোসেনের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে ৮ থেকে ১০ জন মুখোশধারী ব্যক্তি ক্লিনিকের ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। প্রথমে তারা প্রফেসর ডা: মো. কুতুবউদ্দিন মল্লিকের চেম্বারের সামনের গ্লাস ভাঙচুর করে। পরে ডা: মোয়াজ্জেম হোসেনের চেম্বারের সামনের গ্লাস এবং ভেতরের চেয়ার-টেবিল ভাঙচুর করে। একপর্যায়ে তারা ক্যাশ কাউন্টারের সামনের সব গ্লাস ভেঙে ফেলে।
এ সময় আতঙ্কিত চিকিৎসকেরা আত্মরক্ষার্থে সরে যান। ক্লিনিকের ভেতরে চিকিৎসাসেবা নিতে আসা লোকজনও ছোটাছুটি শুরু করেন। পরে দুর্বৃত্তরা বের হওয়ার সময় বাইরে থাকা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এক রাউন্ড গুলি ছোড়ে। এরপর তারা বাবুখান রোডের দিকে চলে যায়।
ক্লিনিকের সুপারভাইজার কল্যাণী জানান, রাতে স্বাভাবিকভাবে কাজ করছিলেন তারা। রাত সাড়ে ৯টার দিকে মুখোশধারী কয়েকজন ব্যক্তি সামনে থেকে ভাঙচুর করতে করতে ক্যাশ কাউন্টারের সামনে এসে হামলা চালায়। এ সময় তারা বাইরে বের হয়ে যান। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর আবার ভেতরে প্রবেশ করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে ক্লিনিক কর্তৃপক্ষকে পাওয়া যায়নি। তাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে না। ঘটনার তদন্ত চলছে। জড়িত যেই হোক না কেন তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
এদিকে, হামলার কারণ ও জড়িতদের বিষয়ে পুলিশ এখনো সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি।
এমপি/ আরআই